আরেকজন পল স্কোলসের খোঁজে ফার্গুসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯১ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ দলে খেলা শুরু করেছিলেন পল স্কোলস। আর দুই বছর পর মূল দলে খেলা শুরু করার পর থেকে এখন পর্যন্ত একবারও দল বদল করেননি এই ইংলিশ মিডফিল্ডার। দীর্ঘ ১৯ বছর ধরে তিনি ছিলেন ম্যানইউর মাঝমাঠের নির্ভরতার প্রতীক। তবে আর খুব বেশি দিন হয়তো রেড ডেভিলদের সঙ্গে থাকতে পারবেন না ৩৭ বছর বয়সী স্কোলস। তাই এখন থেকেই আরেকজন পল স্কোলসের খোঁজ শুরু করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ অ্যালেক্স ফার্গুসন। তাঁর বিশ্বাস, ক্লাবের একাডেমি থেকে খুব অচিরেই বেরিয়ে আসবে আরেকটা পল স্কোলস।ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষে ৬৮৯টি ম্যাচ খেলেছেন পল স্কোলস। ২০১১ সালের ৩১ মার্চ তিনি একবার অবসরের ঘোষণা দিয়েই দিয়েছিলেন। কিন্তু এ বছরের শুরুতে আবার মাঠে ফেরার ইঙ্গিত দিয়েছেন এই অভিজ্ঞ মিডফিল্ডার। হয়তো আগামী মৌসুমটায়ই শেষবারের মতো মাঠে নামবেন তিনি। আর এখন তিনি যুক্ত হয়েছেন দলের কোচিং স্টাফদের সঙ্গেও। তবে পল স্কোলস চূড়ান্ত বিদায় নেওয়ার পর তাঁর বিকল্প খুঁজে পাওয়া যে খুব কঠিনই হবে, সেটা স্বীকার করেছেন কোচ অ্যালেক্স ফার্গুসন। চীনের ক্লাব সাংহাই শেনহুয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে ফার্গুসন বলেছেন, ‘পল স্কোলস এক বছর ধরে দলের অতিরিক্ত খেলোয়াড়দের প্রশিক্ষণ দিচ্ছে। আর এখন সে মাঠে নামার জন্যও প্রস্তুত। সবাই তাঁর ফিরে আসায় খুব উচ্ছ্বসিত। সে একজন অসাধারণ খেলোয়াড়। আর দীর্ঘমেয়াদে স্কোলসের বিকল্প খুঁজে পাওয়া সত্যিই কঠিন। তবে আমরা সব সময়ই আশা করি যে আমাদের একাডেমি থেকেই হয়তো আগামী দিনের কোনো পল স্কোলস বেরিয়ে আসবে।’সম্প্রতি ১৮ বছর বয়সী নিক পাওয়েলকে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তরুণ এই মিডফিল্ডারকে নিয়েও বেশ আশাবাদ প্রকাশ করেছেন ফার্গুসন। তিনি বলেছেন, ‘আমরা আশা করছি পাওয়েল একদিন একজন উঁচুমানের সেন্টার মিডফিল্ডার হয়ে উঠবে। তার সেই সামর্থ্য ও যোগ্যতা আছে।’