আরেকটা ওভার চেয়েছিলেন স্টার্ক

ইশ্, মাইকেল ক্লার্ক যদি ওই সময় মিচেল স্টার্কের অনুরোধটা রাখতেন! তাহলে হয়তো ম্যাচটা জিতে যায় অস্ট্রেলিয়া। পরশু স্টার্ক ৬ উইকেট নিয়ে ম্যাচের মোড় প্রায় একাই ঘুরিয়ে দিয়েছিলেন। ১৫২ রানের সহজ লক্ষ্যে নিউজিল্যান্ড যখন তরতর করে এগিয়ে চলেছে, স্টার্কের দুর্দান্ত পেস বোলিংয়ে হঠাৎ করেই তারা খেই হারিয়ে ফেলে। শেষ ব্যাটসম্যান ট্রেন্ট বোল্ট হ্যাটট্রিকের বলটি ঠেকিয়ে না দিলে নিশ্চিত হেরে যায় নিউজিল্যান্ড। কিন্তু ম্যাচ শেষে ক্লার্ক কি স্টার্ককে দিয়ে পুরো ১০ ওভার না করানোর জন্য আফসোস করেছেন?
অস্ট্রেলিয়া অধিনায়কের এখন সেই আফসোস হতে পারে। পরশু স্টার্ক নিজেই তাঁকে আরেকটা ওভার বেশি দেওয়ার অনুরোধ করেছিলেন। চা-বিরতির আগে ৩.১ ওভার ও পরে ২.৫ ওভার করার পর ক্লার্ক আক্রমণ থেকে সরিয়ে নেন আগুন ঝরাতে থাকা পেসারকে, নিয়ে আসেন মিচেল জনসনকে। এতে অবশ্য স্টার্কের আপত্তি ছিল না। তবে জানিয়েছেন, টানা বল করে যেতেও অনীহা তাঁর ছিল না, ‘আমার মনে হয় আমি একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম। আর মিচি (জনসন) অনেক দিন ধরেই তো ব্রেক থ্রু দিয়ে যাচ্ছে। আমি তো অধিনায়ক নই, তাই আমাকে বিরতি নিতে বললে আমি নেব, বল করতে বললে করব। আমি আরেকটা ওভার চেয়েছিলাম তবে তবে পাপ (ক্লার্ক) অধিনায়ক। আর ওর ওপর আমাদের পূর্ণ আস্থা আছে।’ ক্রিকইনফো।