
এর আগে একটা কলামে লিখেছিলাম, জ্যাক ক্যালিসের জন্ম যদি ভারতে হতো, শচীন টেন্ডুলকারের মতোই মাতামাতি হতো তাঁকে নিয়ে। ক্যালিসের দুর্ভাগ্য তিনি ভারতে জন্মাননি।
টেন্ডুলকারের প্রতি সম্মান রেখেই বলব, রেকর্ডের দিক দিয়ে টেন্ডুলকারের চেয়েও ওপরে জ্যাক ক্যালিস। ওয়ানডে ও টেস্ট দুই ধরনের ক্রিকেটেই ১১ হাজারের ওপরে রান ও ২৫০-এর বেশি উইকেট পাওয়া একমাত্র ক্রিকেটার। এই কীর্তি আর কেউ গড়তে পারবে কি না কে জানে!
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে একসময় ক্যালিসের সঙ্গে আমার একটা প্রতিদ্বন্দ্বিতা ছিল। ‘প্রতিদ্বন্দ্বিতা’ শব্দটা লিখে নিজেরই হাসি পাচ্ছে। আসলে আমি তো কোনো দিন চিন্তাও করিনি, জ্যাক ক্যালিসের আশপাশে আমার নাম লেখা হবে। কোনো ক্রিকেটারই মনে হয় না এভাবে ভাবে। সবাই দেশের জন্য খেলে, নামের জন্য নয়। তবে সবারই লক্ষ্য থাকে ভালো খেলা। কে কতটা ভালো খেলল, তার ওপর নির্ভর করে কার নামটা কোথায় থাকবে। কাজেই শুধু র্যাঙ্কিংয়ের কারণে ক্যালিসের সঙ্গে আমার তুলনাটা একটু বাড়াবাড়ি।
কলকাতা নাইট রাইডার্সে খেলার সুবাদে ক্যালিসকে কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে। আগেও বোধ হয় একবার লিখেছিলাম, একই দলে খেললেও ‘হাই-হ্যালো’র বেশি কথা হতো না ওঁর সঙ্গে। খুবই অন্তর্মুখী স্বভাবের মানুষ, নিজেকে গুটিয়ে রাখতেই পছন্দ করেন। তবে সামনে থেকে দেখে যা বুঝেছি, ক্যালিস খুবই সুশৃঙ্খল একজন ক্রিকেটার। কঠোর পরিশ্রম করেন। খেলা-টেলা না থাকলেও জিম-রানিংয়ের মতো নিয়মিত ফিটনেস ট্রেনিংগুলো বাদ দেন না।
এমনিতে কথা বলেন একটু কম। তাই বলে টিম মিটিংয়ে একেবারে চুপচাপ বসে থাকেন না। অভিজ্ঞতার ঝাঁপি খুলে দেন সেখানে। সতীর্থদের কেউ চাইলে সাহায্যও করেন। খেলতে খেলতে অভিজ্ঞতা হয়তো সবারই হয়। একদিন আমারও হবে, ড্রেসিংরুমে তখন আমিও হয়তো ক্যালিসের মতো অন্যদের সঙ্গে আমার অভিজ্ঞতা ভাগাভাগি করব। কিন্তু জ্যাক ক্যালিস কি হতে পারব? বোধ হয় না।
ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—সবকিছুতেই ক্যালিসের পারদর্শিতা প্রায় সমান। স্লিপে বিশ্বের অন্যতম সেরা ফিল্ডার ছিলেন তিনি। আর বল হাতে তো তাঁর ওপর ম্যাচের যেকোনো সময় নির্ভর করতে পারতেন অধিনায়ক। যখন ইচ্ছা বল করানো যায়—দলে এমন একজন বোলার থাকলে আর কী লাগে বলেন! আর ব্যাটসম্যান ক্যালিস কেমন ছিলেন সেটা তো আমার না বললেও চলবে। রেকর্ডই কথা বলে তাঁর হয়ে। কথা বলে পৃথিবীজুড়ে ছড়িয়ে থাকা তাঁর অসংখ্য ভক্ত-সমর্থক। সব মিলিয়ে আদর্শ এক অলরাউন্ডারের প্রতিচ্ছবি।
আগেই বলেছি, আরেকজন ক্যালিসকে আবার কবে দেখবে আন্তর্জাতিক ক্রিকেট, সেটা সময়ই বলবে। তবে বর্তমান প্রজন্মের ক্রিকেটাররা তাঁর কাছ থেকে একটা জিনিস নিতে পারে। সেটা হলো শৃঙ্খলা। কঠোর পরিশ্রম করার মানসিকতা। একজন মানুষ নিজেকে আরও ওপরে তুলে নেওয়ার জন্য পরিশ্রম করতে কখনো ক্লান্তিবোধ করেন না, এটাই বড় ব্যাপার। আমার ধারণা, চরিত্রের এই দিকটাই জ্যাক ক্যালিসকে জ্যাক ক্যালিস বানিয়েছে।
২০১৫ বিশ্বকাপ খেলার ইচ্ছার কথা জানিয়েছেন। খেললে তাঁকে আরও কিছুদিন দেখার সুযোগ হবে। যদি তা না-ও হয়, ক্রিকেটের অদৃশ্য পাঠ্যবইয়ে জ্যাক ক্যালিসের নামে একটা অধ্যায় সব সময়ই থাকবে। ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের পথ দেখাবে সেই অধ্যায়।