আরেকটা দুর্দান্ত জয় ভারতের

জয়পুর থেকে নাগপুর। ১৬ থেকে ৩০ অক্টোবর—মিলে গেলে এক বিন্দুতে। জয়পুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার ৩৫৯ রান টপকে ৯ উইকেটের জয় তুলে নিয়েছিল ভারত। আজ নাগপুরেও ফিরে এসেছিল ওই ম্যাচেরও আবহ। ষষ্ঠ ওয়ানডেতে অস্ট্রেলিয়ার ৩৫০ রানের চ্যালেঞ্জটাও টপকে গেলেন মহেন্দ্র সিং ধোনিরা। এবারের জয়টা এসেছে ৬ উইকেটে।
অস্ট্রেলিয়ার বড় সংগ্রহের কারিগর ছিলেন অধিনায়ক জর্জ বেইলি ও শেন ওয়াটসন। সেঞ্চুরি করেছিলেন দুজনেই। সেঞ্চুরি করে পাল্টা জবাব দিলেন শিখর ধাওয়ান ও বিরাট কোহলি। এর সঙ্গে রোহিত শর্মা আর ধোনির দৃঢ়তায় ভারত জয়ের দেখা পায় ম্যাচের তিন বল বাকি থাকতে। সাত ম্যাচের সিরিজ এখন ২-২-এ সমতায়। শনিবার শেষ ম্যাচটাই এখন অলিখিত ফাইনাল। বৃষ্টির কারণে সিরিজের চতুর্থ ম্যাচটি পরিত্যক্ত হয়। আর পঞ্চম ম্যাচে একটি বলও মাঠে গড়ানো সম্ভব হয়নি।
৩৫১ রানের কঠিন লক্ষ্যে খেলতে নেমে উদ্বোধনী জুটিতেই ১৭৮ রান তুলে ফেলে ভারত। রোহিত শর্মা ফিরে যান ৭৯ রান করে। আরেক উদ্বোধনী ব্যাটসম্যান ধাওয়ান ফেরেন ১০০ স্পর্শ করেই। এরপর সুরেশ রায়না (১৬) ও যুবরাজ সিং (০) দ্রুত ফিরে গিলে কিছুটা অস্বস্তিতে পড়ে যায় স্বাগতিকেরা। তবে দুর্দান্ত খেলে সেই অস্বস্তি কাটিয়ে দেন সুরেশ রায়না। তাঁকে যথার্থ সঙ্গ দেন অধিনায়ক ধোনি। ৪২.৫ ওভারে ২৯০ রানে চতুর্থ উইকেট হারায় ভারত। এরপর আর উইকেট হারাতে হয়নি স্বাগতিকদের। দলের জয় নিশ্চিত করে ১১৫ রান নিয়ে অপরাজিত থাকেন কোহলি। তাঁর ৬৬ বলের ইনিংসটিতে ছিল ১৮টি চার ও একটি ছয়। ২৩ বলে ২৫ রানে অপরাজিত থাকেন ধোনি।
এ ম্যাচে অস্ট্রেলিয়ার বড় সংগ্রহের মূল কারিগর ছিলেন জর্জ বেইলি। দলীয় সর্বোচ্চ ১৫৬ রান করেন তিনি। তাঁর ১১৪ বলের নান্দনিক ইনিংসটিতে ছিল ১৩টি চার ও ছয়টি ছয়ের মার। ১৩ চার আর তিন ছয়ে ৯৪ বলে ১০২ রান করেন ওয়াটসন।
৪৫ রানের মধ্যে উদ্বোধনী দুই ব্যাটসম্যানকে হারিয়ে বসেছিল অসিরা। ফিল হিউজ ব্যক্তিগত ১৩ ও আরোন ফিঞ্চ ২০ রানে আউট হন। কিন্তু তৃতীয় উইকেটে পাল্টে যায় দৃশ্যপট। ভারত যখন তৃতীয় উইকেটের দেখা পায়, ততক্ষণে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ২১৩ রান। বেইলি-ওয়াটসনের ১৬৮ রানের ভাঙেন মোহাম্মদ শামি।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ৩৫০/৬ (৫০ ওভার)
বেইলি ১৫৬, ওয়াটসন ১০২, ভোগস ৪৪*
জাদেজা ২/৬৮, অশ্বিন /৬৪
ভারত: ৩৫১/৪: (৪৯.৩ ওভার)
কোহলি ১১৫*, ধাওয়ান ১০০, রোহিত ৭৯, ধোনি ২৫*
ফল: ভারত ৬ উইকেটে জয়ী
ম্যাচ সেরা: বিরাট কোহলি
সূত্র: ক্রিকইনফো