আরেকটা রাহুল আসবে না: সৌরভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ ১৬ বছর বিশ্বস্ত হাতে ভারতের ব্যাটিং অর্ডার সামলানোর পর গতকাল অবসরের ঘোষণা দিয়েছেন রাহুল দ্রাবিড়। ভারতের অন্যতম ব্যাটিং নির্ভরতার প্রতীক হিসেবে ‘মি. ওয়াল’ নামেই পরিচিতি পেয়েছিলেন টেস্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। এখন তাঁর অনুপস্থিতিতে ভারতীয় ক্রিকেটে কিছুটা হলেও বদল আসবে বলে মনে করছেন দ্রাবিড়ের দীর্ঘদিনের সতীর্থ সৌরভ গাঙ্গুলি। নতুন করে দ্রাবিড়ের বিকল্প খুঁজে পাওয়া আর সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক এই অধিনায়ক।গতকাল রাহুলের অবসরের ঘোষণার পর স্মৃতিচারণামূলক এক আলাপচারিতায় গাঙ্গুলি বলেছেন, ‘আমি যতজন ক্রিকেটারের সঙ্গে খেলে খুব আনন্দ পেয়েছি, রাহুল দ্রাবিড় তাদের মধ্যে অন্যতম। দুই ধরনের ক্রিকেটেই ১০ হাজার রান করা ব্যাটসম্যানের কোনো বিকল্প খুঁজে পাওয়া খুবই কঠিন। দ্রাবিড়কে ছাড়া ভারতীয় ক্রিকেট আর আগের মতো থাকবে না।’ ৩৯ বছর বয়সী দ্রাবিড়ের অবসরের সিদ্ধান্তটা সময়োচিত হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে গাঙ্গুলি বলেছেন, ‘এটা বলা আসলে খুব কঠিন। কারণ, জীবনের অন্য ক্ষেত্রগুলোর মতো, যখন আপনি কোনো কিছু সত্যিকারের আবেগ ও একাগ্রতার সঙ্গে করেন, তখন সেটা একেবারে ছেড়ে দেওয়াটা খুব কঠিন ব্যাপার। রাহুল সত্যিই খুব কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছে।’ দ্রাবিড় দলের জন্য সব সময়ই যেকোনো কিছু করতে প্রস্তুত থাকতেন বলে মন্তব্য করেছেন গাঙ্গুলি। ২০০৩ সালে দলের প্রয়োজনে এমনকি উইকেটের পেছনে দাঁড়াতেও আপত্তি জানাননি মি. ওয়াল।ভারতীয় দলে দ্রাবিড়ের অনুপস্থিতিতে দুঃখ পেলেও বর্তমান সময়টাও যে দ্রাবিড়ের জন্য একটা পরিবর্তনেরই সময় ছিল সেটা অবশ্য স্বীকার করেছেন গাঙ্গুলি। আর সাহসী এ সিদ্ধান্তের জন্য দ্রাবিড়কে অভিনন্দনও জানিয়েছেন ‘দাদা’। টাইমস নিউজ নেটওয়ার্ক