আরেকটা সুযোগ চান ম্যারাডোনা
তিনি ডিয়েগো ম্যারাডোনা বলেই হয়তো এটা সম্ভব। বিশ্বকাপে ব্যর্থ হলে অন্য কোচদের হেঁট মাথায় দেশে ফিরতে হয়। আর ম্যারাডোনা পেয়েছেন বীরোচিত সংবর্ধনা। ক্লাব পর্যায়েও ছাঁটাই হওয়া কোচ অনেকটা নীরবে-নিভৃতে বিদায় নেন। কিন্তু আল ওয়াসল ম্যারাডোনাকে দিতে চাইছে বিদায়ী সংবর্ধনা। বড় একটা অনুষ্ঠান করেই ম্যারাডোনাকে এই সংবর্ধনা দিতে চায় দুবাইয়ের ক্লাবটি। যে অনুষ্ঠানটি আর্জেন্টাইন কিংবদন্তির সঙ্গে ক্লাবের ‘অনন্য ও শক্তিশালী সম্পর্কের’ প্রতিচ্ছবি হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন ওয়াসলের সহসভাপতি মোহাম্মদ বিন দোখান। ম্যারাডোনা সম্মত হলেই ঘোষণা করা হবে এই অনুষ্ঠানের দিনক্ষণ।কিন্তু আর্জেন্টিনায় ছুটি কাটাতে গিয়ে ছাঁটাই হওয়ার খবর শোনা ম্যারাডোনা বিদায় সংবর্ধনা চান না। চান আরেকটি সুযোগ। এর আগে ম্যারাডোনা বলেছিলেন, তাঁকে যে খেলোয়াড়দের দেওয়া হয়েছিল, এই খেলোয়াড়দের দিয়ে সাফল্য এনে দেওয়া সম্ভব নয়, দরকার আরও ভালো ভালো খেলোয়াড়। আরও বেশি বাজেট। আর তা দেওয়া না হলে তিনি নিজেই পদত্যাগের হুমকি পর্যন্ত দিয়েছিলেন। কিন্তু ম্যারাডোনা এখন বলছেন, বাজেট যথেষ্ট না হলেও বর্তমান খেলোয়াড়দের দিয়েই আরেকটি চেষ্টা করা যেতে পারে। ক্লাব চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের সঙ্গে মুখোমুখি বসে আলাপ করতে চান তিনি।নিজের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে ঘুরেফিরে ওয়াসলে থেকে যাওয়ার ইচ্ছাই প্রকাশ করেছেন ম্যারাডোনা, ‘সব সময়ই আমার ইচ্ছা ছিল সুন্দর ওই দেশটিতে থেকে যাওয়া, যেখানে আমাকে হূদ্যতার সঙ্গে বরণ করে নেওয়া হয়েছে। আমি শেখের কাছে পুরোপুরি কৃতজ্ঞ আমাকে বরণ করে নেওয়ার জন্য, আমিরাতের একটি দলের কোচ হিসেবে কাজ করার সুযোগ করে দেওয়ায়।’সমঝোতার প্রস্তাবও দিয়েছেন তিনি, ‘দুর্ভাগ্যজনকভাবে ক্লাব এমন একটি বিবৃতি দিয়েছে যার সঙ্গে আমি একমত নই। কারণ ওয়াসলের কোচ হিসেবে থেকে যাওয়াই আমার ইচ্ছা ছিল, এখনো আছে। বাজেট-স্বল্পতার কারণে নতুন খেলোয়াড় কেনা যদি ক্লাবের পক্ষে সম্ভব না-ও হয় তার পরও বোর্ডের সঙ্গে আলোচনা এবং সমাধান খুঁজে বের করার সুযোগ আছে বলেই আমি মনে করি। আশা করি, শিগগিরই বোর্ডের সঙ্গে একটি বৈঠক হবে আমার এবং আমি নিশ্চিত, একটা সমাধান বের করে আমরা একটি ঐকমত্যে পৌঁছাতে পারব।’ম্যারাডোনা থেকে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেও ওয়াসল কর্তৃপক্ষের কথা শুনে মনে হচ্ছে তারা বিকল্প খুঁজতে শুরু করে দিয়েছে। বিন দোখান জানিয়েছেন, নতুন কোচ হিসেবে চার-পাঁচজনের কথা তাঁরা ভাবছেন। তবে সম্ভাবনার দিক দিয়ে সবার সামনে ব্রুনো মেতসু। ২০০২ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে চমক দেখানো সেনেগালের কোচ ছিলেন তিনি। মেতসু আরব আমিরাতেও কোচ হিসেবে ছিলেন সফল। জাতীয় দলকে ২০০৭ সালের গালফ কাপ জিতিয়েছেন। ২০০৩ সালে আল আইনকে জিতিয়েছেন এএফসি চ্যাম্পিয়নস লিগ। ওয়াসলও একটা শিরোপার জন্য মরিয়া। গালফ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওয়াসলকে জেতাতে পারলেও হয়তো ম্যারাডোনার চাকরিটা টিকে যেত। সে রকমই ইঙ্গিত দিয়েছেন বিন দোখান। ওয়াসলের সহসভাপতি বলেছেন, ম্যারাডোনার মতো ব্যক্তিত্ব আছেন বলেই বিষয়টির সঙ্গে অনেক আবেগ জড়িত। কিন্তু আবেগকে দূরে ঠেলে ওয়াসলের জন্য ভালো হয় এমন একটা সিদ্ধান্তই নিতে চেয়েছে নতুন দায়িত্বে আসা ক্লাবের পরিচালনা পর্ষদ। রয়টার্স।