আরেকটি অল উইলিয়ামস ফাইনাল?

মাঝে এমন একটা সময় ছিল, গ্র্যান্ড স্লামের ফাইনাল মানেই মুখোমুখি দুই উইলিয়ামস বোন—ভেনাস ও সেরেনা। ২০০২-২০০৩ সালে টানা চারটি গ্র্যান্ড স্লামের ফাইনাল খেলেছেন তারা! সেই ভেনাস-সেরেনার গ্র্যান্ড স্লামের ফাইনালে দেখা হয় না সাত বছর!
এত দিন পর আবার দুই বোনের ফাইনালের সম্ভাবনা দেখা দিয়েছে চলতি উইম্বলডনে। গতকাল কাজাখস্তানের ইয়ারোস্লাভা শেভডোভাকে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছেন ৩৬ বছর বয়সী ভেনাস। গত ২২ বছরের মধ্যে সবচেয়ে বেশি বয়সী প্রতিযোগী হিসেবে গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে উঠলেন ভেনাস। অন্যদিকে সেরেনা সেমিফাইনালে উঠেছেন রাশিয়ার অ্যানাস্তাশিয়া পাওলিচেনকোভাকে হারিয়ে। আজ নারী এককের দুটি সেমিফাইনালে সেরেনার প্রতিপক্ষ রাশিয়ার এলেনা ভেসনিনা। আর ভেনাসের প্রতিপক্ষ অ্যাঞ্জেলিক কারবার। দুই বোন জিতলেই গ্র্যান্ড স্লাম দেখবে আরও একটি অল উইলিয়ামস ফাইনাল।
দুই বোনের অনেক দ্বৈরথের সাক্ষী উইম্বলডন। ফাইনালেই তারা খেলেছেন ৪ বার! ২০০০ সাল থেকে ২০১০—এই সময়ের মেয়েদের উইম্বলডন তো ছিল আসলে দুই বোনের দখলে। ১৪টি ফাইনালে দুই বোনের কেউ না কেউ খেলেছেন। দুজনে শিরোপা ভাগাভাগি করেছেন ৯টি! ২০০২,২০০৩, ২০০৮ ও ২০০৯ সালে উইম্বলডন দেখেছে ‘অল উইলিয়ামস’ ফাইনাল। আর উইম্বলডনের সীমারেখা তুলে নিলে ৮ বার গ্র্যান্ড স্লামের ফাইনালে মুখোমুখি হয়েছেন তাঁরা।
সাত বছর পর আবার দুজনের মুখোমুখি হওয়ার সম্ভাবনায় টেনিসপ্রেমীরা রোমাঞ্চিত। কিন্তু সেরেনা? এত দিন পরে আবার...‘ব্যাপারটা আমার কাছে বিস্ময়ের মতোই’—বললেন সেরেনা। এএফপি।