আরেকটি কমলা রাত...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত রোবেন, দ্বিতীয় ম্যাচেও জয়রথ ছুটল হল্যান্ডের l রয়টার্স
দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত রোবেন, দ্বিতীয় ম্যাচেও জয়রথ ছুটল হল্যান্ডের l রয়টার্স

বিশ্বকাপের শুরুর দুই ম্যাচে বড় জয়। প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ৫-১-এ, দ্বিতীয় ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল দল অস্ট্রেলিয়াকে ৩-২ গোলে হারিয়েছে হল্যান্ড। দুই ম্যাচ মিলিয়ে গোল ৮টি। তারকা খেলোয়াড়েরা সবাই ফর্মে। এমন একটি ফুটবল দলের কোচের তো গর্বিত হওয়ারই কথা।
পোর্তো আলেগ্রের হল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে শুরুর দিকে একটু ঝিমিয়ে থাকা হল্যান্ড দ্বিতায়ার্ধে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তাতে উচ্ছ্বাস ঝরে পড়েছে লুইস ফন গালের কণ্ঠে। ম্যানচেস্টার ইউনাইটেডের হবু কোচ বলে গেলেন, ‘দ্বিতীয়ার্ধে ছেলেদের খেলা দেখে আমি তৃপ্ত। ওদের তখন অনেক আত্মবিশ্বাসী দেখাচ্ছিল। সৌভাগ্যবশত তা কাজেও লেগে গেছে। দ্বিতীয়ার্ধে আমাদের অনেক সুযোগ এসেছিল। ওরা সেগুলো কাজে লাগিয়েছে। অবশ্যই ওদের অভিনন্দন জানাচ্ছি। শুরুটা খারাপ হলেও আমরা ঘুরে দাঁড়িয়েছি। দলের প্রত্যেকে বাহবা পাওয়ার যোগ্য।’
শুরুতে খারাপ খেলার কারণটিও ধরিয়ে দিলেন ফন গাল, ‘আমরা অনেক উদাসীন আর অমনোযোগী ছিলাম। অনেক ছোট পাস খেলেছি তখন আসলে লম্বা পাসে খেলা উচিত ছিল। সকারুদের রক্ষণভাগে খুব কমই ঢুকেছি। খেলার ওই ধরনটাই পাল্টানোর প্রয়োজন ছিল।’
রবিন ফন পার্সির সমতায় ফেরানো গোল ম্যাচে ফেরার আশা জুগিয়েছিল হল্যান্ড দলকে। বিশ্বকাপে এমন গোলমেশিনকে পেয়ে উচ্ছ্বাসের বন্যায় ভাসতে চাইলেন ফন গাল। ২ ম্যাচে ৩ গোল পাওয়া এই স্ট্রাইকারকে একটু আলাদাই করতে চাইলেন তিনি, ‘ওর মতো খেলোয়াড় দলে পাওয়া সত্যি আনন্দের। এর মধ্যেই ও তিনটি গোল পেয়ে গেছে। আর গোলগুলোও ছিল নজরকাড়া।’
এ রকম খেলা নাকি হল্যান্ডের স্কুল ফুটবলে হরহামেশা হয়। ফন গাল বললেন, ‘আমাদের অসাধারণ সব স্ট্রাইকার আছে। বাছাইপর্বেও আমরা অনেক গোল পেয়েছি। এ রকম গোল-উৎসব হল্যান্ডের স্কুল ফুটবলের অংশ।’
গুরুর মতো শিষ্যের চোখেও একই ভুল ধরা পড়েছে। ইউনাইটেড তারকা ফন পার্সির কণ্ঠে ঝরল অস্ট্রেলীয়দের জন্য প্রশংসাও, ‘প্রথমার্ধে বাজে খেলেও আমরা ঘুরে দাঁড়িয়েছি। অস্ট্রেলিয়ার খেলোয়াড়েরা শুধু দৌড়ের ওপর ছিল। তবে তারা খুব ভালো খেলেছে। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে আপনি চাইলেও এক ম্যাচে শুরু থেকে শেষ, সমান খেলতে পারবেন না। এ রকম খেলায় আপনাকে জিততেই হবে। দ্বিতীয়ার্ধে আমাদের অত্যন্ত পরিচিত ফর্মেশনে (৪-৩-৩) খেলে জয় পাওয়াতে আমি সত্যি খুশি।’ ওয়েবসাইট।