আরেকটি কীর্তির পর বোল্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরী স্বেচ্ছাসেবিকার দিকে ব্যাটনটা বাড়িয়ে দিলেন। স্বেচ্ছাসেবিকাও বাড়িয়ে দিলেন হাত, ব্যাটনটা বুঝে নেবেন বলে। কিন্তু হুট করে তিনি সরিয়ে নিলেন হাত। স্বেচ্ছাসেবিকার মুখে রক্তিম আভা। বোকা বনে যাওয়ায় বিব্রত। সেদিকে ভ্রুক্ষেপ করার সুযোগ উসাইন বোল্টের নেই। তিনি ছুটে গেলেন জনতার সমুদ্রের দিকে। গ্যালারির একদম সামনের সারিতে বসা দর্শকেরা এদিন হয়ে গেল পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান মানুষ। বোল্ট অনায়াসে সেই জনতার আলিঙ্গনে নিজেকে বেঁধে ফেলতে দিলেন। পৃথিবীর দ্রুততম মানবকে এত কাছে পেয়ে দর্শকেরা কী করবেন যেন বুঝেই উঠতে পারছিল না। কেউ জড়িয়ে ধরে চুমু খাচ্ছেন। কেউ চুমু খাবেন, হ্যান্ডশেক করবেন, নাকি ছবি তুলবেন—এই সিদ্ধান্তই নিয়ে উঠতে পারছেন না। এক তরুণী তো বোল্টের কোলেই উঠে বসলেন। এমনভাবে জড়িয়ে ধরলেন, যেন পৃথিবীর কারও সাধ্য নেই তাঁকে আলাদা করে! পরে বেরসিক নিরাপত্তাকর্মীদের হস্তক্ষেপ! কিন্তু সবাই তো আর বোল্টের ছোঁয়া পাওয়ার মতো কপাল নিয়ে জন্মায়নি। তবে একটা ব্যাপার নিশ্চিত বোল্টকে যাঁরা দৌড়াতে দেখলেন, সরাসরি কিংবা টিভিতে, তাঁরাও আসলে সৌভাগ্যবান। জীবনের শেষ বয়সে নাতিনাতনিদের কাছে গল্প করার মতো পুঁজি হয়ে গেল তাঁদের। এ তো নিল আর্মস্ট্রংকে চাঁদের মাটি স্পর্শ করতে দেখার মতোই।অলিম্পিকে সিপ্রন্টে ‘ডাবল-ডাবলই’ কখনো হয়নি। টানা দুই অলিম্পিকে কেউই ১০০ ও ২০০ মিটার দৌড়ে জেতেনি। বোল্ট সেই কীর্তি তো করেছেনই, এবার করে ফেললেন ‘ডাবল-ট্রিপল’! টানা দ্বিতীয় অলিম্পিকে জিতলেন ত্রিমুকুট! ১০০ ও ২০০ মিটারে বিশ্ব রেকর্ডটা ভাঙা হয়নি। তবে বোল্ট ঘোষণা দিয়েছিলেন, রিলেতে সেই রেকর্ড আসছে। ঘোষণা দিয়েই রেকর্ড ভাঙলেন বোল্ট।শুধু বোল্টের কথা বলাটা অন্যায় হচ্ছে। রিলেতে সঙ্গী থাকে আরও কজন। শুরুটা করেছিলেন নেস্তা কার্টার, দ্বিতীয় লেগ দৌড়েছেন মাইকেল ফ্র্যাটার, তৃতীয় লেগে ইয়োহান ব্লেক; অ্যাংকরের ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্রের রায়ান বেইলিকে বিপুল ব্যবধানে পেছনে রেখে সমাপ্তিরেখা ছুঁয়েছেন বোল্ট। সময় ৩৬.৮৪! চার দিয়ে ভাগ করুন। প্রত্যেকে নিজ ভাগের ১০০ মিটার শেষ করেছেন ৯.২১ সেকেন্ডে! অথচ ১০০ মিটারের বিশ্ব রেকর্ডটি ৯.৫৮। মানুষের পক্ষে ১০০ মিটারে আসলেই কত দ্রুত দৌড়ানো সম্ভব। সর্বশেষ গবেষণায় বলা হচ্ছিল, ৯.৪-এর ঘরে দৌড়ানো যেতে পারে। কিন্তু বোল্টরা পরশু জানিয়ে দিলেন মানুষের ক্ষমতা আসলেই কত নিঃসীম। ৯.২১! সতিই অবিশ্বাস্য।বিশ্ব রেকর্ড গড়ে বেশ খোজমেজাজে ছিলেন। কিন্তু মাঝখানে এসে বাগড়া দিলেন এক বুড়ো বিচারক। শুরুতে বোল্ট যে ব্যাটন বুঝিয়ে দেননি, এ নিয়ে সেই বিচারক মহাখাপ্পা। বোল্ট একরকম মিনতিই করলেন, ব্যাটনটা রেখে দিতে চান। ল্যাপ অব অনারে সঙ্গে রাখতে চান তাঁদের এই অবিশ্বাস্য কীর্তির সাক্ষীটিকে। কিন্তু নিয়ম নেই!এর আগেও একবার তাঁকে স্কিপিং রোপ নিয়ে ঢুকতে দেওয়া হয়নি। এর পর এই নিয়মের বেড়াজাল। স্বাভাবিকভাবেই বোল্টের মন কিছুক্ষণের জন্য হলেও খারাপ হয়ে গিয়েছিল। পরে অবশ্য নিয়ম ভেঙেছেন আয়োজকেরা। বোল্টকে দিয়ে দেওয়া হয়েছে ব্যাটনটি। প্রসঙ্গটি উঠে এসেছে তাঁর সংবাদ সম্মেলনেও, ‘আমি ব্যাটনটা ফিরে পেয়েছি। কিন্তু এর আগে উনি (সেই বিচারক) আমাকে বলছিলেন, এটা আমি রাখতে পারব না। কারণ এটাই নিয়ম। ব্যাপারটা আসলে অদ্ভুত। তিনি তো আমাকে এমনও বলেছেন, ব্যাটনটা ফিরিয়ে না দিলে এমনকি আমাকে ডিসকোয়ালিফাইও করা হতে পারে! আমি সঙ্গে সঙ্গেই তাঁকে তখন ওটা ফেরত দিয়ে দিয়েছি।’ রয়টার্স।