আরেকটি গিনেস রেকর্ডের অপেক্ষায় হালিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স চল্লিশ ছুঁয়েছে। কিন্তু ফিটনেসটা দিব্যি ধরে রেখেছেন আবদুল হালিম। এই বয়সেও আরেকটি বিশ্ব রেকর্ডের জন্য বল মাথায় দৌড়ালেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলা মাগুরার সাবেক ফুটবলার। কাল কমলাপুর রেলস্টেশনের প্লাটফর্মে বল মাথায় নিয়ে, স্কেটিং জুতা পরে ২৭.২৬ সেকেন্ডে ১০০ মিটার দৌড়েছেন। তাঁর দাবি, এটি একটি নতুন বিশ্ব রেকর্ড হবে। এ সংক্রান্ত কাগজপত্র শিগগিরই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবেন।
এর আগে হালিম ২০১১ সালে ২২ অক্টোবর বঙ্গবন্ধু স্টেডিয়ামে বল মাথায় নিয়ে ১৫.২ কিলোমিটার হাঁটায় বিশ্ব রেকর্ড গড়েন। আবারও নতুন রেকর্ডের আশায় উচ্ছ্বসিত হালিম, ‘আমার খুব ভালো লাগছে আবারও নতুন কিছু করতে পারার আনন্দে। এ জন্য আমি অনেক দিন ধরে কঠোর অনুশীলন করেছি। আশা করি কয়েক দিনের মধ্যেই বাংলাদেশের নাম উঠবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে।’
হালিমের বিশ্ব রেকর্ড গড়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার, বাংলাদেশ রেলওয়ের ডিভিশনাল জেনারেল ম্যানেজার আরিফুজ্জামানসহ অন্যরা।