আরেকটি চমকের আশায় বাসেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এটা অনেকটা দৈত্য গোলিয়াথের সঙ্গে পুঁচকে ডেভিডের লড়াই। তাদের ১৮০ মিনিট ঠেকিয়ে রাখাটা খুবই কঠিন হবে।’ কথাটা এফসি বাসেল কোচ হেইকো ভোগেলের। আজ চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে বায়ার্ন মিউনিখের মুখোমুখি এফসি বাসেল। তার আগে প্রতিপক্ষ বায়ার্নকে দৈত্য গোলিয়াথের আসনে বসিয়ে বাসেল কোচ নিজেরা নামছেন ডেভিডের ভূমিকায়।ইতিহাস, পরিসংখ্যান আর শক্তির বিবেচনায় বাসেলের সামনে বায়ার্ন দৈত্যই। জার্মানির সবচেয়ে সফল দল বায়ার্ন চ্যাম্পিয়নস লিগে চারবারের চ্যাম্পিয়ন। বাসেল এই প্রথম খেলছে নকআউট পর্বে। তার পরও ডেভিড কিন্তু গোলিয়াথকে বধ করেছিল। রূপকথা থেকে নয়, বাসেল চাইলে নিজেদের কাছ থেকেই খুঁজে নিতে পারে প্রেরণা। সর্বশেষ তিনবারের দুবারই ফাইনালে খেলা ম্যানইউকে এবার গ্রুপ পর্ব থেকেই বিদায় করে দিয়েছিল তো তারাই!নিজেদের মাঠে বাসেল তাই দেখছে আরেকটি চমকের স্বপ্ন। তাদের জন্য একটা সুবিধাজনক দিক হলো, বায়ার্নের নাড়িনক্ষত্র মোটামুটি ভালোই চেনা আছে ভোগেলের। সাত বছর যে সহকারী কোচ হিসেবে কাজ করেছেন সেখানে। কৌতূহল থাকবে বাসেলের জেরদান শাকিরিকে নিয়েও। আগামী জুলাইতেই বাসেল থেকে বায়ার্নে যোগ দেবেন শাকিরি। আনুগত্যের টানাপোড়েন কি দেখা দেবে খুবই প্রতিভাবান বিবেচিত এই তরুণ মিডফিল্ডারের মধ্যে?রেকর্ড-পরিসংখ্যান সব তুচ্ছ হয়ে যায় মাঠের খেলায়। তাই দুই দলের মধ্যে ব্যবধান যা-ই থাকুক, বায়ার্ন কিন্তু সতর্ক। দলের প্রধান নির্বাহী কার্ল-হেইঞ্জ রুমেনিগেই যেমন বলছেন, ‘ম্যানইউর মতো খেললে আমাদেরও সমস্যা হবে।’ সমস্যায় তারা এমনিতেই আছে। আরিয়েন রোবেন ফর্মহীন। চোটের কারণে খেলবেন না বাস্তিয়েন শোয়েনস্টেইগার।‘সমস্যা’ শব্দটা শুনলে ক্লদিও রানিয়েরি অবশ্য হাসবেন। এই মুহূর্তে ইন্টার মিলান কোচের চেয়ে জটিল সমস্যায় যে খুব বেশি কেউ নেই। মার্শেইয়ের মাঠে গিয়ে খেলবে ইন্টার। ইতিহাস-পরিসংখ্যান বিবেচনায় তারাই ফেবারিট। কিন্তু ইতালিয়ান ক্লাবটির এখন বড় দুঃসময়। এসি মিলানের কাছে হেরে ইতালিয়ান কাপ থেকে ছিটকে পড়েছে। ইতালিয়ান লিগ শিরোপার আশাও এক রকম শেষ। গত ছয় ম্যাচের পাঁচটিতেই হেরে বসা ইন্টারের জন্য চ্যাম্পিয়নস লিগই শেষ ভরসা। মার্শেই বড় পরীক্ষা নেবে, নাকি মরিয়া ইন্টার ঘুরে দাঁড়াবে দুর্দান্তভাবে, সেটাই দেখার। এই ম্যাচ নাকি রানিয়েরির চাকরিরও একটা পরীক্ষা। এই অবস্থায় ইতালিয়ান কোচকে অস্বস্তিতে রাখবে এই পরিসংখ্যান—ইন্টারের সঙ্গে আগের দুবারের সাক্ষাতে দুবারই জয়ী মার্শেই। এএফপি, রয়টার্স।