প্রথম ওয়ানডেতে ২ বলে ০ রান করে ওয়াসিম আকরামের তালুবন্দী ওয়াকার ইউনুসের বলে। আড়াই মাস পর দ্বিতীয় ওয়ানডে, এবারও ২ বলে ০। নিউজিল্যান্ডের শেন টমসনের বলে ফিরতি ক্যাচ। এমন শুরু, তবু কারও সন্দেহ ছিল না যে, শচীন টেন্ডুলকার লম্বা দৌড়ের ঘোড়া। প্রতিশ্রুতি আর প্রত্যাশাকে ছাড়িয়ে গেছেন অনেক আগেই। জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ ব্যাটিং করলে সেটা হবে টেন্ডুলকারের ৪৩৩তম ইনিংস, উঠে যাবেন ওয়ানডেতে সবচেয়ে বেশি ইনিংস খেলার চূড়ায়। পেছনে পড়ে যাবেন টেন্ডুলকারের ৮ দিন পর (১৯৮৯ সালের ২৬ ডিসেম্বর) ওয়ানডে অভিষিক্ত সনাৎ জয়াসুরিয়া। রেকর্ডে বাকিদের থেকে যোজন যোজন এগিয়ে এই দুজন, ৩৫০ ইনিংস খেলে তিনে পাকিস্তানি সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক। ৩৪৩ ইনিংস খেলে চারে রিকি পন্টিং, পাঁচে রাহুল দ্রাবিড় ৩১৩ ইনিংস খেলে। ইনিংসের ট্রিপল সেঞ্চুরি আছে আর কেবল মাহেলা জয়াবর্ধনে (৩১০), মোহাম্মদ আজহারউদ্দিন (৩০৮) ও সৌরভ গাঙ্গুলীর (৩০০)।