আরেকটি চূড়ায় সাকিব

সাকিব আল হাসানের ক্রিকেট পরিসংখ্যান প্রীতির কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। রেকর্ডটি জানা থাকার কারণও তাই ছিল না। তবে ভাবান্তর হলো না জানার পরও। শুধু বললেন, ‘ভালো লাগছে।’ দারুণ সব অর্জনেও উচ্ছ্বাসে ভেসে যান না। রেকর্ডের কথা জেনে সাকিবের ভাবলেশহীন প্রতিক্রিয়াতেও তাই অবাক হওয়ার কিছু নেই।
পরশু শক্তি গৌচানের ফুলটসকে যখন ওড়ালেন মিড উইকেটের ওপর দিয়ে, জয়ের আরেকটু কাছে গেল দল আর সাকিব উঠলেন চূড়ায়। ওই শটেই ছাড়িয়ে গেলেন মোহাম্মদ আশরাফুলকে। তিন সংস্করণ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান এখন সাকিবের। শটটি খেলার পরে যেমন নির্লিপ্ত ছিলেন সাকিব, তেমনই থাকলেন ওই শটটির মহিমা জানার পরও। নানাভাবে প্রশ্ন-টশ্ন করার অবশ্য প্রতিক্রিয়াটা দুই শব্দ থেকে দুই লাইন পর্যন্ত গড়াল, ‘আসলে রেকর্ড নিয়ে আমি কখনো ভাবি না। আর এত দিন ধরে খেলছি, একটা সময় তো রেকর্ড কিছু হবেই!’
প্রশ্ন যখন ‘এত দিন ধরে’ খেলার, সেখানেই সাকিব নম্বর পাচ্ছেন আরও বেশি। যাঁর রেকর্ড ভেঙেছেন, সেই আশরাফুলের ক্যারিয়ার প্রায় ১২ বছরের, সাকিবের ৮ বছর হয়নি। আশরাফুলের চেয়ে ৬২ ম্যাচ কম খেলেছেন সাকিব। ৮৭ ইনিংস কম ব্যাট করেই ছাড়িয়ে গেছেন আশরাফুলকে। ব্যাটিং গড়েও তাই সাকিব এগিয়ে যোজন-যোজন। অবশ্য বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আড়াই হাজার রান করেছেন, এমন সব ব্যাটসম্যানের মধ্যেই সাকিবের গড় সেরা।
পরশু সাকিবের আগেই অবশ্য আশরাফুলকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ ছিল তামিমের। কিন্তু ৩০ রানে আউট হয়ে তামিম থেমে গেছেন আশরাফুলের ২৫ রান আগেই। টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান অবশ্য তামিমেরই, ৬৫৯। ৬১৩ রান নিয়ে দুইয়ে সাকিব। ওয়ানডেতেও শীর্ষে এই দুজনই, রানও খুব কাছাকাছি। তবে অবস্থান সেখানে উল্টো, ৩৭৭৯ রান নিয়ে শীর্ষে সাকিব, ৭৭ রান পেছনে তামিম।
টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ডটি অবশ্য অনেক দিন ধরেই হাবিবুল বাশারের। ৩ হাজার টেস্ট রান করা বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যানও তিনি (৩০২৬)। সঙ্গে ওয়ানডেতে ২১৬৮ রান নিয়ে মোট রানের তালিকায় হাবিবুল আছেন পাঁচে। কখনো টি-টোয়েন্টি খেলতে না পারায় একটু পিছিয়ে গেছেন সাবেক অধিনায়ক। সেরা সময়টায় টি-টোয়েন্টি খেলতে পারলে এই সংস্করণেও হয়তো খারাপ করতেন না!
হাবিবুলের ওপরে আর তামিমের নিচে আছেন মুশফিকুর রহিম। এই শীর্ষ পাঁচজন ছাড়া বাংলাদেশের হয়ে সাড়ে তিন হাজার রানও নেই আর কারও। পরের পাঁচজন হলেন শাহরিয়ার নাফীস (৩৪৯৩), খালেদ মাসুদ (৩২২৭), মাহমুদউল্লাহ (৩০৮২), জাভেদ ওমর বেলিম (৩০৩২) ও আফতাব আহমেদ (২৭৬৪)।
তবে এক মুশফিক ছাড়া আপাতত কারও সম্ভাবনা নেই সাকিব-তামিমকে ছাড়ানোর। মুশফিকও এখনো অনেকটা পেছনে। সামনের অনেকগুলো দিন তাই রেকর্ডটির ব্যাটন বাংলাদেশের দুই তারার হাতেই থাকবে। কখনো চূড়ায় থাকবেন সাকিব, কখনো তামিম!
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান
ম্যাচ ইনিংস রান সর্বোচ্চ গড় ১০০/৫০ ০
সাকিব আল হাসান ১৯৭ ২২৩ ৬৬৭০ ১৪৪ ৩৪.০৩ ৭/৪৪ ১১
মোহাম্মদ আশরাফুল ২৫৯ ৩১০ ৬৬৫৫ ১৯০ ২২.৭৯ ৯/৩০ ৩১
তামিম ইকবাল ১৮৬ ২১৬ ৬৬৩০ ১৫৪ ৩১.১২ ৮/৪২ ১৯
মুশফিকুর রহিম ১৯৯ ২১৭ ৫৩৩৮ ২০০ ২৮.৫৪ ৪/২৮ ১৫
হাবিবুল বাশার ১৬১ ২০৪ ৫১৯৪ ১১৩ ২৬.২৩ ৩/৩৮ ২৫