আরেকটি জামাল-রাসেল ফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত রাতে সনি নর্দের ঘুম নিশ্চয়ই খুব ভালো হয়েছে। বাইবেকের নির্ঘুম রাতই কাটার কথা।দুজনকে একই সঙ্গে মেলানোর কারণ আছে। হাইতিয়ান প্লেমেকার সনি নর্দে গোল করে শেখ রাসেলকে তুলেছেন স্বাধীনতা কাপের ফাইনালে। ক্যামেরুনিয়ান ডিফেন্ডার আত্মঘাতী গোল খাইয়ে মোহামেডানের বিদায়ের রাস্তা তৈরি করেছেন। কী অদ্ভুত বৈপরীত্য! ফুটবলে এমন হয়ই। কেউ গোল করে রাজা, কেউ ক্ষণিকের ভুলে ভিখারি। মুক্তিযোদ্ধার বিপক্ষে দ্বিতীয় সেমিতে নর্দে দারুণ গোল করলেন ৫২ মিনিটে। এমনিতে দলের সেরা খেলোয়াড় তিনিই। এককভাবে অনেক ম্যাচেই রাসেলকে জিতিয়েছেন। কাল জয়সূচক গোলটা পেলেন মাঝ মাঠ থেকে মিঠুনের বাড়ানো দারুন পাসটা কাজে লাগিয়ে। বক্সের সামনে গায়ের ওপর লেগে থাকা দুজন ডিফেন্ডার ড্যামি ও সাগরকে ছিটকে দিয়ে কাটালেন মুক্তিযোদ্ধার গোলরক্ষক জিয়াকেও। ফাঁকা পোস্টে বল পাঠানোর বাকি কাজটাও নর্দে করলেন আত্মবিশ্বাসের সঙ্গে।বাইবেকের দুর্ভাগ্যই। মোহামেডানের বিপক্ষে গোলের জন্য মরিয়া হয়ে যখন আক্রমণ শাণাচ্ছে শেখ জামাল, তখনই ৭৪ মিনিটে বাইবেকের মাথায় লেগে আত্মঘাতী গোল। আলমগীর রানা বাঁ দিক থেকে ক্রস তুলেছিলেন মোহামেডানের বক্সে। হেড করতে লাফিয়ে ওঠেন জামালের স্ট্রাইকার আলফ্রেড। তার আগেই বলটা ভালোভাবে পাঞ্চ করা উচিত ছিল মোহামেডান গোলরক্ষক মামুন খানের। কিন্তু তাঁর দুর্বল পাঞ্চ তালগোলে লেগে যায় বাইবেকের গায়ে। দুটি সেমিফাইনালেরই ফল ১-০। কাগজ-কলমে এগিয়ে থাকা দুই দলেরই অনুমিত জয়। এবং যথারীতি টানা দুটি টুর্নামেন্টের ফাইনাল লাইনআপ একই। ফেডারেশন কাপের ফাইনালের মতো আগামীকাল অনুষ্ঠেয় স্বাধীনতা কাপের ফাইনালের দুই দল জামাল-রাসেল। ‘দুই ভাইয়ে’ আরেকটি লড়াই।এটা ঘটনা, টুর্নামেন্টে সবচেয়ে ভালো ফুটবল খেলা দুটি দলই থাকছে শেষের মঞ্চে। রাসেল সম্ভবত সেরা ফুটবলটা তুলে রেখেছে ফাইনালের জন্য। পাসিং ফুটবলের অনুসারী এই দলটি সেমিতেও প্রচুর পাস খেলেছে। তবে আড়াআড়ি পাসই ছিল বেশি, সামনে থ্রু বা রক্ষণ-চেরা বিপজ্জনক পাস সেভাবে দেখা যায়নি। কোচ মারুফুল হক ম্যাচের পর কারণটাও জানালেন, ‘গরম বেশি দেখে আমরা পরিকল্পনা বদলে মাঠে নামি। প্রেস করতে গেলেই খেলোয়াড়েরা এই আবহাওয়ায় ক্লান্ত হয়ে পড়ত।’মুক্তিযোদ্ধা হারলেও সমীহ আদায় করেছে। সীমিত সামর্থ্য নিয়ে যথেষ্ট ভালো খেলেছে শফিকুল ইসলামের দল। হেরেছে আসলে সনির কাছেই। অমন ফুটবলার যে দলে আছে, জয়টা সেই দলের ঘরেই বেশি শোভা পায়। শেখ জামালও যোগ্যতর দল হিসেবেই জয় নিয়ে ফিরেছে। জামালের চারজন ডিফেন্ডারই স্থানীয়, যেটা অন্য দলগুলোর নেই। এই রক্ষণ বেশ ভালো খেলছে মৌসুমে। জামালের সুবিধাটা হয়েছে, চার বিদেশিই খেলছেন ওপরে এবং দলের জন্য সেটি ভালো ফলই আনছে। দ্রুতলয়ে খেলা, দ্রত বল কেড়ে নেওয়া—সবই থাকল জামালের খেলায়। মোহামেডান এদিন নিজেদের ফুটবলটা খেলতে পারেনি। দুুটি পাস খেলেই বল হারিয়েছে। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই জামালের প্রবল আক্রমণের তোড়ে হিমশিম খেয়েছে দলটা। সাদা-কালোর মাঝমাঠ, উইং প্লে সবই রোগাক্রান্ত দেখাল।একটা বিশেষ দিক লক্ষ্যণীয়, জাতীয় দলের জার্সি গায়ে কাঠমান্ডুতে এএফসি চ্যালেঞ্জ কাপ খেলে আসা অনেক ফুটবলাররা ঘরোয়া টুর্নামেন্টে নিষপ্রভ। মোহামেডানের তরুণ উইংগার সোহেল রানার কথাই ধরা যাক, কাল তাঁকে মাঠে খুজে পাওয়া যায়নি সেভাবে। কেউ কেউ খেলছেন গা ছাড়া ফুটবল।এই দলে পড়ছেন মোহামেডানের মরিসনও। ঘানাইয়ান স্ট্রাইকার সুবিধাজনক জায়গায় বল পেয়েও আগের ম্যাচের মতো লক্ষভেদে ব্যর্থ। ফলে মৌসুমে জামালের কাছে তৃতীয় হার নিয়েই ফিরেছে মোহামেডান। মনে হচ্ছে, ঘুরে দাঁড়াতে আরও শক্তি সঞ্চয় করতে হবে ঐতিহ্যের ঝান্ডাধারীদের!