
ডাচদের উদ্যাপনটা হতে পারত বাঁধন-হারা। দিগিবদিক ছোটাছুটি করতে পারতেন কেউ, লাফিয়ে ছুঁতে চাইতেন আকাশ কিংবা হতে পারত ‘ভিক্টরি ল্যাপ।’ হলো না তেমন কিছুই, শুধু কয়েকটি ‘হাই-ফাইভ’ আর পরস্পরকে আলিঙ্গনে জড়ানো। সেটিও দীর্ঘক্ষণ নয়। উদ্যাপন দেখে কে বলবে, বিশ্ব ক্রিকেটের প্রতিষ্ঠিত শক্তি ও সাবেক চ্যাম্পিয়ন দলের বিপক্ষে জিতেছে আইসিসির সহযোগী এক সদস্য!
উদ্যাপনে উচ্ছ্বাসের বাড়াবাড়ি না থাকলেও এতটুকু কমছে না কীর্তির মাহাত্ম্য। ২২ গজে যখন পরস্পর আলিঙ্গনাবদ্ধ ডাচরা, তখনকার কমলা রোশনাই ছাপিয়ে যাচ্ছিল যেন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের হাজার ওয়াটের কৃত্রিম আলোকেও। সিলেটের চা-বাগান হয়ে ডাচ রূপকথা নতুন জায়গা পেল সাগরপারের চট্টলায়। কাল কিছু করতে না পারলেও এবারের টুর্নামেন্টের চমক হয়েই থাকত হল্যান্ড। কিন্তু সবচেয়ে বড় বিস্ময়টি যে তারা জমিয়ে রেখেছিল শেষের জন্য! স্মরণীয় টুর্নামেন্টের শেষটা হলো অসাধারণ এক জয়ে। ক্রিকেটের জনক, টি-টোয়েন্টির জনক ইংল্যান্ডকে অনায়াসে হারিয়ে দিল ৪৫ রানে! ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে লর্ডসে ইংল্যান্ড-বধের পুনরাবৃত্তি চট্টগ্রামে, দু দলের মুখোমুখি লড়াইয়ের ফল এখন হল্যান্ড ২: ০ ইংল্যান্ড!
সামনেই ডাচ ক্রিকেটের জন্য অপেক্ষা করছে ভীষণ কঠিন সময়। ২০১৫ বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে তারা, হারিয়েছে ওয়ানডে মর্যাদা। হারিয়েছে আইসিসির আর্থিক অনুদানও। বোরেন-মাইবার্গরা নিজেরাও জানেন না, সামনে কোন পথে যাবে ডাচ ক্রিকেট। খেলা নেই মানে টাকাও নেই। শৌখিন ক্রিকেটারদের দল থেকে গত কয়েক বছরে খানিকটা পেশাদার রূপ নেওয়া দলটির কজন ক্রিকেটার এখন ক্রিকেট চালিয়ে যাবেন, সেটাও অনিশ্চিত। সংবাদ সম্মেলনে পিটার বোরেন শুধু আশার বিপরীতেই আশায় বুক বাঁধলেন, ‘জানি না কী অপেক্ষা করছে আমাদের জন্য। শুধু আশা করছি কিছু একটা হবে, আমরা খেলাটা চালিয়ে যেতে পারব।’
প্রথম ইনিংস শেষেও কিন্তু অঘটনের কোনো ইঙ্গিত ছিল না। ম্যাচের প্রথম ওভারে তিন চারে শুরু করেছিলেন মাইবার্গ। বিস্ফোরক ব্যাটিংয়ে এবার নজরকাড়া এই ব্যাটসম্যান পরে এগিয়ে যান ওয়েসলি বারেসিকে সঙ্গী করে। ১১ ওভারে হল্যান্ডের রান ১ উইকেটে ৮৪। বোপারার ফুলটসে মাইবার্গ (৩১ বলে ৩৯) উইকেট উপহার দেওয়ার পর রাশ টেনে ধরে ইংলিশরা। ৪৫ বলে ৪৮ করে ফেরেন বারেসি। শেষ পর্যন্ত হল্যান্ড ১৩৩। আগের দুই ম্যাচে রান তাড়ায় দুর্দান্ত করা ইংলিশ ব্যাটসম্যানদের জন্য মোটেও হুমকি মনে হয়নি ওই রান। কিন্তু উইকেট খানিকটা মন্থর ছিল কাল, বল থেমে এসেছে। সেটাই কাজে লাগিয়ে সুশৃঙ্খল বোলিং করে গেছেন ডাচ মিডিয়াম পেসাররা। ২০ রানও করতে পারেননি ইংল্যান্ডের কোনো ব্যাটসম্যান, সবচেয়ে বড় জুটি ২২ রানের। ছয়হীন ইনিংসে চার মাত্র চারটি! ইংল্যান্ডকে পেতে হলো টেস্ট খেলুড়ে দেশ হিসেবে সহযোগী দেশের বিপক্ষে সর্বনিম্ন রান আর প্রথম এক শর নিচে গুটিয়ে যাওয়ার লজ্জা!
সংবাদ সম্মেলনে ইংল্যান্ড কোচ অ্যাশলি জাইলস এই হারকে বললেন, ‘অগ্রহণযোগ্য ও বিব্রতকর। আত্মতুষ্টি ছাড়া আর কোনো কারণ থাকতে পারে না। সমর্থকদের ক্ষুব্ধ হওয়ার যথেষ্ট কারণ আছে, ক্ষোভটাকে ধারণ করছি আমিও।’ পরাজয়ের যন্ত্রণায় সবচেয়ে বেশি পোড়ার কথা জাইলসেরই। অ্যান্ডি ফ্লাওয়ারের খালি করা পদে বসার আশায় আছেন, এই হারে নিশ্চয়ই তাঁর ‘সিভি’ সমৃদ্ধ হবে না!
মাঠের মতো উচ্ছ্বাসের বাড়াবাড়ি ছিল না বোরেনের প্রতিক্রিয়াতেও। অনিশ্চিত ভবিষ্যতের কথা এল ঘুরেফিরে। বাস্তবতা বলছে, নিকট ভবিষ্যতে এই দলকে আবার বিশ্ব আসরে দেখতে পাওয়ার সম্ভাবনা আসলেই কম। তবে এই টুর্নামেন্টের কীর্তিতেই ডাচদের অনেক দিন মনে রাখবে বিশ্ব ক্রিকেট। বিদায় বেলায় ডাচ অধিনায়কের কণ্ঠে সেই তৃপ্তি, ‘আমার ধারণা, মনে রাখার মতো কিছু মুহূর্ত আমরা উপহার দিতে পেরেছি।’