আরেকটি ডাবল সেঞ্চুরির অপেক্ষা
একজন ব্যাটসম্যান ক্যারিয়ারে যা যা অর্জন করতে চান, তার প্রায় সবই পেয়ে গেছেন। টেস্ট ও ওয়ানডের সর্বোচ্চ রানের মালিক তিনি। উভয় শ্রেণীর ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরি করার কৃতিত্বও তাঁর। গতকাল রোববার প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন, এক দিন পর আজ পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের ৪৯তম সেঞ্চুরি। এখানেই শেষ নয়, সবকিছু ঠিকঠাক থাকলে কাল মঙ্গলবার ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো ডাবল সেঞ্চুরির স্বাদও পেয়ে যেতে পারেন ভারতের এই লিটল মাস্টার!১৯৮৯ সালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক। পরের বছর ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট সেঞ্চুরির স্বাদ পান শচীন। ডাবল সেঞ্চুরির দেখা এত সহজে মেলেনি, অপেক্ষা করতে হয়েছিল দীর্ঘ ১০ বছর! দেশের মাটিতে ১৯৯৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবার, খেলেছিলেন ২১৭ রানের এক মহাকাব্যিক ইনিংস। এর পর শচীন ডাবল সেঞ্চুরি হাঁকানোর কৃতিত্ব দেখিয়েছেন জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে। শ্রীলঙ্কার বিপক্ষে সুখস্মৃতিটা অবশ্য বেশি দিনের নয়, মাত্র তিন মাসে আগে কলম্বোতে। শচীন টেন্ডুলকার ক্যারিয়ারসেরা ইনিংসটি খেলেন ২০০৪ সালের ডিসেম্বরে। সেবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ২৪৮ রানে অপরাজিত থাকেন এই ‘মিরাকল’ ব্যাটসম্যান।—ক্রিকইনফো