আরেকটি পরাজয়ের পর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ আশরাফুলের ডাকনাম অ্যাশ। সফরের তিন ম্যাচ শেষে সেটিকে বদলে ‘অ্যাশেজ’ করে দিচ্ছেন জেমি সিডন্স—অ্যাশ ইজ অ্যাশেজ!অ্যাশেজ মানে ছাই। নির্ভেজাল ছাই-ই। আশরাফুলকে দেখে ছাইচাপা আগুন-টাগুন বলেও কিছু মনে হচ্ছে না। সিডন্সের কোচিং ক্যারিয়ারে সবচেয়ে বড় ধাঁধাও বোধ হয় আশরাফুল। প্রথমে তাঁর মারমার-কাটকাট ব্যাটিং বদলানোর চেষ্টা করেছেন। সেই চেষ্টায় কিছুটা সফলও। এর পর পড়েছেন তাঁর ব্যাক লিফট নিয়ে। আশরাফুলের ব্যাট নাকি টেন্ডুলকার-পন্টিংদের তুলনায় একটু পরে নামে। এখন কী করবেন, বুঝতে পারছেন না, ‘নেটে ও এমন সুন্দর ব্যাটিং করে! নেটে আমাদের সেরা ব্যাটসম্যান ও। কিন্তু ম্যাচে নেমে যে কী হয়ে যায়!’ এর পরই তীব্র শ্লেষের সুরে বললেন, ‘অন্তত ও এখন কনসিসট্যান্ট। ধারাবাহিকভাবে ব্যর্থ।’শুধু আশরাফুল কেন, সাকিবও তো এই সিরিজে হতাশাই উপহার দিয়ে যাচ্ছেন সিডন্সকে। দ্বিতীয় ওয়ানডে শেষে টিম বাসে উঠতে যাওয়ার আগে নিজে থেকেই বললেন, ‘অ্যাশ আর সাকিব দলকে কিচ্ছু দিতে পারছে না।’ প্রথম ওয়ানডেতে তামিম-ইমরুলের উদ্বোধনী জুটিটি বাদ দিলে দিতে পারছে না টপ-অর্ডারের কেউই। ‘তিন-চার-পাঁচ রান না করলে কি আর ভালো করা যায়’—ব্যাটিংকে আবারও বাংলাদেশ দলের সমস্যা নাম্বার এক বলে মেনে নিতে হচ্ছে সিডন্সকে।গত কিছুদিন যেটিতে একটু ব্যতিক্রম হয়েছিল। দেশে ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে নিয়মিত আড়াই শর আশপাশে রান, এক ম্যাচে ২৯৬—নিউজিল্যান্ডে এসে সাকিব তো ঘোষণাই করে দিলেন, ‘ব্যাটিংই আমাদের দলের মূল শক্তি। ৮-৯ নম্বর ব্যাটসম্যানেরও সেঞ্চুরি করার সামর্থ্য আছে।’ টি-টোয়েন্টিতে ৭৮ রানের পর ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে ১৯০ ও ১৮৩-এর পর সেই সাকিবকেই বলতে হচ্ছে, ‘ব্যাটিংটা আমাদের বড় সমস্যা হয়ে যাচ্ছে। গত ম্যাচে ওপেনাররা ভালো করল, পরে আর কেউ কিছু করতে পারলাম না। আজ (গতকাল) আবার শেষ দিকে ভালো একটা পার্টনারশিপ হলো, কিন্তু টপ-অর্ডারের কেউই দাঁড়াতে পারলাম না।’এটা তো সবাই দেখেছেই। প্রতি ম্যাচেই বাংলাদেশের মাত্র একজন রান করছে, কমপক্ষে তিন-চারজনকে রান করতে হবে—এটাও অজানা কিছু বলেননি সাকিব। ‘কী করিতে হইবে’—এটা তিনি যেমন জানেন, দলের বাকি সবাইও জানে। করা যাচ্ছে না কেন, এটা কি জানেন সাকিব? প্রথমে বললেন, ‘এর উত্তর আমি জানি না।’ নিউজিল্যান্ডে এসে যে দলের ব্যাটিংটাকে খুব বড় করে দেখিয়েছিলেন! ‘কারণ আমরা সবাই রান করছিলাম।’ এখন না করার কারণ হিসেবে অবধারিতভাবেই কন্ডিশন এল, ‘আমরা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারছি না। এখানকার উইকেটে বাউন্স আর মুভমেন্ট অনেক বেশি। দেশে নতুন বলে রান করা বেশি সহজ, এখানে উল্টো।’প্রস্তুতি ম্যাচ না থাকার হাহাকারটা বাংলাদেশ দলে কান পাতলেই শোনা যাচ্ছে। কালকের ম্যাচ শেষে সিডন্সও বললেন, ‘সিরিজের প্রথম ম্যাচটা এই সময়ে হওয়া উচিত ছিল।’ ৮৬ রানের দারুণ একটি ইনিংস খেলার পর মুশফিকুর বলতে পারতেন, কন্ডিশন-টন্ডিশন কোনো ব্যাপার নয়। উল্টো বলছেন, ‘অ্যাডজাস্ট করতে খুব সমস্যা হচ্ছে। প্রথম দুই ম্যাচে তো আমি কিছু বুঝতেই পারছিলাম না। আমাদের দেশে বল স্কিড করে যায়, এখানে লাফিয়ে ওঠে।’দ্বিতীয় ওয়ানডের উইকেটটাকে দুই অধিনায়কই বললেন অসম গতির। মুশফিকুরও মানলেন, এতে ব্যাটিং করাটা সহজ ছিল না। সাকিব বলছেন, সবচেয়ে কঠিন ছিল শুরুতে, ‘কালও বৃষ্টি হয়েছে। উইকেট ঢাকা ছিল। কিছু ঘাসও ছিল, আমরা জানতাম প্রথম ১০-১৫ ওভার বল একটু এদিক-ওদিক করবে। তবে কোকাবুরা বল ১৫ ওভার পর আর তেমন সুইং করে না। কিন্তু আমরা তো ওই ১৫ ওভারেই ধসে পড়লাম।’বাংলাদেশ আর নিউজিল্যান্ডের কন্ডিশনে আকাশ-পাতাল তফাত্ থাকার পরও সিডন্সের কাছ থেকে ব্যাটসম্যানদের দায়মুক্তি মিলছে না। সাকিব ভালো একটা ইয়র্কারের শিকার বলে মানছেন, কিন্তু তামিম ছাড়ার বল মারতে গিয়ে আউট হয়েছেন। আর আফতাব এই পর্যায়ের ক্রিকেটের জন্য এখনো প্রস্তুত নন বলে টি-টোয়েন্টির পরই যে সিদ্ধান্তে পৌঁছে গিয়েছিলেন, সেটি আরও দৃঢ় হয়েছে কালকের ম্যাচের পর। আফতাব স্কোয়াডে আসার পরই বলেছিলেন, আশরাফুল ও আফতাবকে একসঙ্গে খেলাতে চান না। রকিবুলের টানা ব্যর্থতা বাধ্য করেছে সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে। মিডিয়ার আশরাফুল-আফতাবপ্রীতিকে কাল একটু খোঁচাও দিলেন সিডন্স। আফতাব প্রস্তুত নন বুঝেও কিছু কি করার আছে? আবার কি তাহলে রকিবুলে ফেরা! সিডন্স বুঝতে পারছেন না, ‘তামিম ছাড়া বাকি সব ব্যাটসম্যানই দেখছি একসঙ্গে ফর্ম হারিয়ে ফেলল!’নিউজিল্যান্ডের দর্শকেরা ভদ্রতার প্রতিমূর্তি। বাংলাদেশ এমন খেলছে, টীকা-টিপ্পনী দূরে থাক, উল্টো ‘তরুণ দল, সময় দরকার। আমাদেরও তো শুরুতে কত সংগ্রাম করতে হয়েছে’ বলে সহমর্মিতার সুর। মিডিয়াও একই রকম। কালকের ম্যাচের পরও যেমন স্থানীয় এক সাংবাদিক সাকিবকে জিজ্ঞেস করলেন, ‘এই ম্যাচেও তো উন্নতির জায়গা খুঁজে পাওয়া সম্ভব।’ সাকিবও খুঁজে পেলেন! তবে সঙ্গে যোগ করলেন, ‘পুরো ম্যাচ দেখলে উন্নতির জায়গা তো আছেই। তবে আমরা যতটা উন্নতি করছি, ভুল করছি তার চেয়ে বেশি।’