আরেকটি ফাইনাল
শিরোপা জয়ের নয়, মারিয়া শারাপোভার মুখের এই হাসিটা ফাইনালে ওঠার। ইন্ডিয়ান ওয়েলস ওপেনের পর মায়ামি সনি এরিকসন ওপেন—শারাপোভার এটি টানা দ্বিতীয় ফাইনাল। পরশু সেমিফাইনালে ক্যারোলিন ওজনিয়াকিকে হারানোর পর দর্শকদের অভিবাদনের জবাব দিচ্ছিলেন র্যাঙ্কিংয়ে বিশ্বের দুই নম্বর। দুই ঘণ্টা ৩৪ মিনিটের লড়াই শেষে শারাপোভার জয় ৪-৬, ৬-২, ৬-৪ গেমে।তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের শেষটা হয়েছে তিক্ততার মধ্য দিয়ে। ম্যাচ পয়েন্টে সার্ভিস করছিলেন শারাপোভা। সার্ভটি বাইরে পড়েছে বলে ‘কল’ করেছিলেন লাইন জাজ। কিন্তু চেয়ার আম্পায়ার সেটিকে উপেক্ষা করে আবার সার্ভ করতে বলেন শারাপোভাকে। সেই পয়েন্টটি জিতে শারাপোভা মেতে ওঠেন ফাইনালে ওঠার আনন্দে। আর ক্ষুব্ধ ওজনিয়াকি জড়িয়ে পড়েন চেয়ার আম্পায়ারের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে। নিজের তিনটি অসফল ভিডিও চ্যালেঞ্জই শেষ হয়ে যাওয়ায় ওজনিয়াকির আর আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার সুযোগ ছিল না। এই টুর্নামেন্টের সেমিফাইনালে শারাপোভার রেকর্ড ৪-০। কিন্তু হেরেছেন আগের তিনটি ফাইনালেই। এবারের ফাইনাল তাই অতীত দুঃস্বপ্নকে কবর দেওয়ার সুযোগও। সহজ প্রতিপক্ষই পেয়েছেন সেখানে—আগ্নেওয়াস্কা রাদওয়ানস্কা। অন্য সেমিফাইনালে এই পোলিশ ৬-৪, ৬-২ গেমে হারিয়েছেন আজারেঙ্কার জয়রথ থামিয়ে দেওয়া ফ্রান্সের মারিয়ন বারতোলিকে।এ বছর শারাপোভার এটি তৃতীয় ফাইনাল। শিরোপা অবশ্য এখনো অধরাই। আগের দুটি ফাইনালেই হেরেছেন ভিক্টোরিয়া আজারেঙ্কার কাছে। গত বছর এই সনি এরিকসন ফাইনালেও। এবার কোয়ার্টার ফাইনালেই আজারেঙ্কাকে বিদায় করে দিয়ে শারাপোভার বড় উপকারই বোধহয় করেছেন বারতোলি! এএফপি।