আরেকটি ফাইনালে শারাপোভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও ফাইনালে মুখোমুখি ভিক্টোরিয়া আজারেঙ্কা ও মারিয়া শারাপোভা। স্টুটগার্ট ওপেনের ফাইনালে উঠেছেন বিশ্বের এক ও দুই নম্বর তারকা। ওদিকে বার্সেলোনা ওপেনের ফাইনালটি রূপ নিয়েছে অল-স্প্যানিশ ফাইনালে। রাফায়েল নাদালের প্রতিপক্ষ তাঁরই স্বদেশি ডেভিড ফেরার।এ বছরে এরই মধ্যে দুবার ফাইনালে মুখোমুখি হয়েছেন আজারেঙ্কা-শারাপোভা, অস্ট্রেলিয়া ওপেন ও ইন্ডিয়ান ওয়েলসে। দুবারই বিজয়ী আজারেঙ্কা। এবার প্রতিশোধ নিয়ে শারাপোভা হাতে তুলে নিতে চান বছরের প্রথম শিরোপা।ফাইনালে আজারেঙ্কার বিপক্ষে প্রতিশোধ নেওয়া হবে কি না, বলা যাচ্ছে না। তবে সেমিফাইনালে প্রতিশোধ ঠিকই নিয়েছেন। গত বছর উইম্বলডনের ফাইনালে পেত্রা কেভিতোভার কাছে হেরেছিলেন শারাপোভা। পরশু সেই কেভিতোভাকে ৬-৪, ৭-৬ (৭-৩) গেমে হারিয়ে উঠেছেন ফাইনালে। মৌসুমে এটা শারাপোভার চতুর্থ ফাইনাল। অন্য সেমিফাইনালে আজারেঙ্কা ৬-১, ৬-২ গেমে হারিয়েছেন পোল্যান্ডের আগনিয়েস্কা রাদওয়ানস্কাকে। পোল্যান্ডের রাদওয়ানস্কার বিপক্ষে আজারেঙ্কার এটি পঞ্চম জয়, ক্লে-কোর্টে প্রথম।বার্সেলোনা ওপেনের ফাইনালে উঠতে নাদাল সেমিফাইনালে বন্ধু ফার্নান্দো ভারদাস্কোকে হারিয়েছেন ৬-০, ৬-৪ গেমে। টুর্নামেন্টের চতুর্থ শিরোপার পথে কাল রাতেই ফাইনালে মুখোমুখি হয়েছিলেন আরেক বাল্যবন্ধু ফেরারের। ফেরার ফাইনালে ওঠেন কানাডার মিলোস রাওনিককে ৭-৬ (৭-২), ৭-৬ (৭-৫) গেমে হারিয়ে। এএফপি।