আরেকটি বিশ্বকাপ খেলার ইচ্ছা ছিল: জয়সুরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়সুরিয়ার ক্যারিয়ারের ইতি টানার সময় বোধ হয় এসেই গেছে। অনেক দিন ধরেই শ্রীলঙ্কা দলে তাঁর স্থান নেই। বিশ্বকাপ ক্রিকেটের প্রাথমিক দলে সুযোগ পেলেও মূল দলে আর আসতে পারেননি। ব্যাপারটি যে কিছুটা হলেও তাঁর মন খারাপের কারণ হয়েছে, তা অস্বীকার করেননি শ্রীলঙ্কার দীর্ঘদিনের ম্যাচ উইনার সনত্ জয়সুরিয়া। এদিকে, আইপিএলে তাঁর দল মুম্বাই ইন্ডিয়ানস এবার আর তাঁকে দলে নেয়নি। নিলামে তাঁর প্রতি অন্য দলগুলোর অনাগ্রহ দেখে ‘মাতারা হারিকেন’ ঠিকই বুঝেছেন, ‘বাক্স-পেটরা গোছানোর দিন বোধ হয় চলেই এল।’নব্বইয়ের দশকের প্রথম থেকেই শ্রীলঙ্কা দলের নিয়মিত সদস্য তিনি। ’৯৬ সালে বিশ্বকাপে ওপেন করতে নেমে তাঁর মারকুটে ব্যাটিং ওয়ানডে ক্রিকেটের বিরাট ‘দিন-বদল’ ঘটিয়েছে। একসময় বিশ্বের সব বোলারের কাছেই ছিলেন আতঙ্কের প্রতিমূর্তি। মুহূর্তের আগ্রাসনে প্রতিপক্ষকে দিশেহারা করে দেওয়ার একটি ইমেজও তৈরি হয়েছিল তাঁর। অথচ আজ সেই জয়সুরিয়াকে নিয়ে আগ্রহ নেই কারোর। নিজ দেশের ক্রিকেট বোর্ডও তাঁকে শেষবারের মতো বিশ্বকাপ খেলার সুযোগটা দিল না।তবে দলে সুযোগ না পাওয়া, আইপিএলে নিলামে তাঁর মতো নামী খেলোয়াড়ের নাম না ওঠা—এই সবকিছুকেই অত্যন্ত স্বাভাবিক ভাবেই দেখছেন তিনি। ‘আমি একজন পেশাদার খেলোয়াড়। পেশাদারিত্বে মুদ্রার অপরদিক দেখাটাই স্বাভাবিক ব্যাপার। সব খেলোয়াড়ই বিশ্বকাপ খেলতে চায়, আর আমি যেহেতু এখনো ক্রিকেটেই আছি, তাই আমিও বিশ্বকাপটা খেলতে চেয়েছিলাম। কিন্তু তা আর হলো কই?’দেশের হয়ে ৪৪৪ বার ওয়ানডে ক্রিকেটে খেলতে নেমেছেন, টেস্ট খেলেছেন ১১০টি। পাঁচটি বিশ্বকাপে দেশকে প্রতিনিধিত্ব করেছেন। তাই বিশ্বকাপটা তাঁর চেয়ে ভালো আর কেউ বোঝে না। নিজের অভিজ্ঞতা থেকেই জানিয়েছেন, বিশ্বকাপ আর সবকিছু থেকেই আলাদা। এখানে প্রতিটি দলই দুর্দান্ত প্রস্তুতি নিয়ে খেলতে আসে। তাই খেলাগুলো হয় খুবই কঠিন। এবারের বিশ্বকাপে ভারত ভালো করবেই বলে তাঁর বিশ্বাস। নিজ দেশ শ্রীলঙ্কাকে ‘বিপজ্জনক দল’ হিসেবে অভিহিত করেছেন তিনি।আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসে তিন মৌসুম খেলেছেন। এবারের মৌসুমে সেই মুম্বাই ইন্ডিয়ানসই তাঁকে দলে নেয়নি। তার পরও তাঁর সাবেক আইপিএল ফ্র্যাঞ্চাইজকে শুভ কামনাই জানিয়েছেন তিনি। বলেছেন, ‘চমত্কার এ দলটিতে খেলে খুবই আনন্দ পেয়েছি আমি। শচীন এই দলটাকে দুর্দান্ত নেতৃত্বই দিয়েছিল। মুম্বাই ইন্ডিয়ানসের ড্রেসিং রুমকে খুবই মিস করব আমি।’ ওয়েবসাইট।