আরেকটি বিশ্বকাপের স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যাড়া মাথার সেই রবার্তো কার্লোসও নেই, ব্রাজিলের ম্যাচে বুলেট গতির সেই ফ্রি-কিকও দেখা যায় না। তবে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের ধারণা, বিশ্বকাপে আবার দেখা যেতেও পারে! কার্লোসের সাম্প্রতিক ফর্মের কারণেই উঠেছে এমন কথা। মনে মনে আরেকটা বিশ্বকাপ খেলার স্বপ্ন হয়তো কার্লোসও দেখছেন। সেটি সত্যি হলে আনন্দের মাত্রাটা কেমন হবে, সেই ধারণাও দিয়ে রেখেছেন, ‘ব্রাজিলিয়ান কনফেডারেশনের ফ্যাক্স যদি বাড়িতে আসে, আমি তো তাহলে আনন্দে ডিগবাজি দেব। আমি লাইনে গিয়ে দাঁড়াচ্ছি না। এখন আমার ৩৭ বছর বয়স। আবার যখন ব্রাজিলে ফিরেছি (করিন্থিয়ানসে), তখন আমার ভাবনায় জাতীয় দল ছিল না। তবে বিশ্বকাপ খেলার স্বপ্ন যে আমার নেই, সেটা বলব না। করিন্থিয়ানসে আমি কঠিন পরিশ্রম করছি এবং দুঙ্গার মনে দাগ কাটার চেষ্টা করছি।’গত শনিবারই ৩৭-এ পা রাখা কার্লোস কী পারেন, সেটা ভালোই জানেন দুঙ্গা। ১৯৯৮ সালের বিশ্বকাপে দুজন ছিলেন সতীর্থ। এরপর দুঙ্গা জাতীয় দলকে বিদায় জানিয়েছেন আর কার্লোস ২০০২ বিশ্বকাপ জয়ের পর খেলেছেন জার্মানি ২০০৬ বিশ্বকাপও। জার্মানির ওই বিশ্বকাপটাই কাল হয়েছে ব্রাজিলের অনেক তারকা খেলোয়াড়ের জন্যই। জার্মানি বিশ্বকাপের ব্যর্থতার দায় চাপিয়ে জাতীয় দল থেকে বিদায় দেওয়া হয়েছে কাফু, রোনালদো আর কার্লোসদের। বিশ্বকাপের পর দায়িত্ব পেয়ে দুঙ্গাও ফিরিয়ে আনেননি এই তিনজনকে। ২০০৬ বিশ্বকাপের পর রিয়াল মাদ্রিদ ছেড়ে তুরস্কের ক্লাব ফেনেরবাচে হয়ে কিছুদিন আগে কার্লোস ফিরেছেন করিন্থিয়ানসে। এই ৩৭ বছর বয়সেও দারুণ খেলছেন এই লেফট ব্যাক।লেফট ব্যাক বলেই কার্লোসের সম্ভাবনা জেগেছে। এই পজিশনে অনেককেই খেলিয়ে দেখেছেন দুঙ্গা। জিলবার্তো সিলভা, মাইকন, মার্সেলো, হুয়ান মালডোনাডোদের কেউই কার্লোসের অভাবটা পূরণ করতে পারেননি। কার্লোসের তো ধারণা লেফট ব্যাক এখন প্রাচীন পুঁথির মতোই দুষ্প্রাপ্য, ‘এখন লেফট ব্যাক খুঁজে পাওয়া দুষ্কর। বেশির ভাগ বাঁ পায়ের খেলোয়াড় এখন উইঙ্গার হতে চায় অথবা মাঝমাঠের বাঁ দিকে খেলতে পছন্দ করে।’ব্রাজিল দলে নিজের পারফরম্যান্সের কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি, ‘আমার মনে হয় আমি জাতীয় দলে যে ১৬ বছর খেলেছি, ১২ বছরই ছিল সফল।’ ওয়েবসাইট।