আরেকটি বোল্ট শো?

কী জমজমাটই না হতে পারত এবারের অ্যাথলেটিকস বিশ্ব চ্যাম্পিয়নশিপটা। কিন্তু হঠাৎই ডোপ কেলেঙ্কারির অশুভ থাবায় রং হারানো অ্যাথলেটিকস বিশ্ব এবারও হয়তো দেখতে যাচ্ছে আরেকটি উসাইন বোল্ট শো। আগামী শনিবার মস্কোয় শুরু হচ্ছে বিশ্ব অ্যাথলেটিকসের চতুর্দশ আসর। নয় দিনের এই প্রতিযোগিতা দিয়েই লন্ডন অলিম্পিকের পর রাশিয়ার রাজধানীতে পুনর্মিলন হচ্ছে সারা বিশ্বের অ্যাথলেটদের। কিন্তু সবকিছু ছাপিয়ে বড় হয়ে উঠছে ডোপ কেলেঙ্কারির ছায়াই।
অনেক দিন পর মনে হচ্ছিল মস্কোয় এবার উসাইন বোল্টকে পেরোতে হবে কঠিন সব বাধা। বছরজুড়ে প্রতিদ্বন্দ্বীদের ঝলমলে পারফরম্যান্স ও বোল্টের নিজের খারাপ ফর্ম মিলিয়ে এক ধুন্ধুমার প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছিল। নিজেকে ফিরে পাওয়া টাইসন গে আমেরিকানদের মনে হিল্লোল তুলেছিলেন পারফরম্যান্স দিয়ে। যুক্তরাষ্ট্রের ট্রায়ালে বছরের সেরা টাইমিংয়ে (৯.৭৫ সেকেন্ড) ১০০ মিটার শেষ করে বার্তা দিয়েছিলেন বোল্টকে। কিন্তু বোল্টের যোগ্য প্রতিদ্বন্দ্বী ঝরে গেছেন। ডোপপাপী কালিমা গায়ে সেঁটে গে বাদ হয়ে গেলেন আগেই। ট্রায়ালে গের পেছনে থেকে দ্বিতীয় হওয়া জাস্টিন গ্যাটলিনই এখন যুক্তরাষ্ট্রের ভরসা। ২০০৪ এথেন্স অলিম্পিকের দ্রুততম মানবের ১০০ মিটারে সেরা সময় এ বছর ৯.৯৮ সেকেন্ড। কিন্তু ভুলে গেলে চলবে না এই গ্যাটলিনের কাছেই রোম মিটে দুর্লভ এক হারের স্বাদ পেয়েছেন বোল্ট। চোট কেড়ে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইয়োহান ব্লেককে। তবে রোববার রাতে দেগুর দুঃস্বপ্ন ভুলতে বোল্টকে পেছনে ফেলতে হবে আরেক স্বদেশি নেস্টা কার্টারকেও। টিকে থাকাদের মধ্যে দ্বিতীয় সেরা টাইমিং এই জ্যামাইকানেরই। অন্যদিকে, ২০০ মিটারে বোল্টকে বিপদে ফেলার মতো আছেন একজনই, অলিম্পিকে ব্রোঞ্জজয়ী সতীর্থ ওয়ারেন উইয়্যার। বোল্ট অবশ্য ঘোষণা দিয়ে রেখেছেন মস্কোয় গতির ঝড় তুলে উড়িয়ে দেবেন সব সংশয়। চোটের কারণে মস্কোর লুঝনিকি স্টেডিয়ামের ট্র্যাকে নামছেন না ৮০০ মিটারের বিশ্বরেকর্ডধারী অলিম্পিক চ্যাম্পিয়ন ডেভিড রুডিশাও। যদিও তাঁর অনুপস্থিতি কোনো প্রভাব ফেলবে না বলেই ভাবছে দূর ও মাঝারিপাল্লার দৌড়ে ঐতিহ্যবাহী দেশ কেনিয়া।
অন্যদিকে, ব্রিটিশ তারকা মো ফারাহ নামছেন ইতিহাসের অংশ হতে। এবার যদি ৫ ও ১০ হাজার মিটারটা জিততে পারেন, ইথিওপিয়ার কেনেনিসা বেকেলের পর দ্বিতীয় অ্যাথলেট হিসেবে অলিম্পিক ও বিশ্ব শিরোপা জিতবেন ফারাহ। এএফপি।