আরেকটি ভালো শুরুর আশায় মাশরাফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় আর পোর্ট অব স্পেনে বীরেন্দর শেবাগের স্টাম্প উপড়ানো, কার্ডিফে অ্যাডাম গিলক্রিস্টকে এলবিডব্লু, আইসিএল-ধাক্কার পর প্রথম ম্যাচে ম্যাককালাম-রাইডারদের তুলে নেওয়া। বাংলাদেশের অনেক স্মরণীয় জয়েই অভাবনীয় কিছুর শুরুটা মাশরাফি বিন মুর্তজার হাত ধরে। পরশুর জয় হয়তো বাংলাদেশের স্মরণীয় জয়গুলোর শুরুর দিকে থাকবে না। তবে সিরিজ শুরুর বিরুদ্ধ পারিপার্শ্বিকতায় এমন অনায়াস জয় কজনই বা ভাবতে পেরেছিল! এবারও কিন্তু শুরুর চিত্রনাট্য সেই একই। ওই অংশের নায়ক যথারীতি মাশরাফি!জীবন পেয়ে উইকেটে থিতু হয়ে যাচ্ছিলেন লেন্ডল সিমন্স, গেইলের সঙ্গে জুটিটাও জমে উঠছিল। দারুণ এক স্লোয়ারে সিমন্সকে ফেরালেন মাশরাফি। ওয়েস্ট ইন্ডিজের পতনের সেই শুরু, ৪৮ রানের উদ্বোধনী জুটির পরও পথ হারাল ইনিংস। সেই পথ ধরে এল বাংলাদেশের জয়।ইতিহাস বলছে, বাংলাদেশের জয়ে প্রায় আবশ্যিক শর্ত শুরুটা ভালো হওয়া। মাশরাফির চেয়ে ভালো এটা আর কে জানেন! আজকের ম্যাচেও ভালো শুরুর বিকল্প দেখছেন না দেশের সফলতম পেসার, ‘আমরা ব্যাটিং করি বা বোলিং, শুরুটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন কালকে (পরশু) হয়েছে। প্রথম ৫-৬ ওভারে উইকেট পাইনি, কিন্তু ওদের রানটা আটকে ছিল। ওয়ানডে ক্রিকেটে এটা যতক্ষণ থাকবে আর ক্রিস গেইলের মতো ব্যাটসম্যান যত আটকে থাকবে তত ভালো। হয়তো বা একটা ভয়ের ব্যাপারও আছে, ও মার শুরু করবে কখন। আবার একটা ভালো দিকও আছে, ও শুরু করতে গিয়ে আউট হয়ে গেলে, তখন ওরা পুরো চাপে থাকবে। যেমন গতকালকে হয়েছে। আগামীকাল যদি ভালো এমন ভালো শুরু করতে পারি, অবশ্যই ভালো কিছু হবে।’কত দ্রুতই না পাল্টে গেল দৃশ্যপট! সাকিব নেই, চারজনের অভিষেক, আট মাস পর ওয়ানডে খেলতে নামা, টেস্ট সিরিজে ২-০-তে হার, নতুন নিয়মে বাংলাদেশের সবচেয়ে ক্ষতি আর উইন্ডিজের সবচেয়ে লাভবান হওয়ার শঙ্কা—সিরিজ শুরুর আবহে বাংলাদেশের আকাশ ছিল ঘন কালো মেঘে ঢাকা। উদ্ভাসিত জয়ে সেই মেঘ ফুঁড়ে দেখা যাচ্ছে আলোর ছটা। সিরিজ জয়টাও অসম্ভব মনে করছেন না মাশরাফি, ‘কালকে যদি ম্যাচ হারতাম, তবু বলতাম সিরিজ জিতব। জেতার পর সিরিজ জয়ের কথা না ভাবার তো কারণ নেই। আত্মবিশ্বাস অবশ্যই বেড়ে গেছে। মানসিকভাবে ইতিবাচক থাকতে হবে। আমরা জানি ওদের সামর্থ্য আর ওরা কী করতে পারে। কিন্তু যেটা হচ্ছে এ মুহূর্তে আমাদের নিজেদেরই ব্যাকআপ করতে হবে। বিশেষ করে, আমরা আমাদের সেরা খেলোয়াড়কে হারিয়েছি। এ জন্য আরও ইতিবাচক থাকতে হবে। কালকের ম্যাচেও (আজ) একই মানসিকতা নিয়ে যেতে হবে এবং চেষ্টা করতে হবে যত দূর ভালো খেলতে পারা যায়। আর ভাগ্যের সহায়তাও একটু লাগবে।’ক্যারিয়ারজুড়ে বিরুদ্ধ স্রোতে সাঁতরেছেন, নিজের শরীরের সঙ্গে লড়াই করেছেন, করছেন প্রতিনিয়ত। মাশরাফিকে বলা যায় ইতিবাচকতার প্রতিশব্দ। সাকিবকে না পাওয়ার শূন্যতা যেমন তাঁর কাছে দারুণ একটা সুযোগ, ‘আমার ব্যক্তিগত ভাবনাটা বলি। সবাই অনুভব করে যে সাকিব নেই, এটা আমাদের দলের জন্য খারাপ। সাকিব কিন্তু অনেক খেলেছে। ওর একটু বিশ্রামের দরকার ছিল কোনো না কোনো সময়। সাকিব ছাড়া এ সিরিজটা হচ্ছে আমাদের দলের জন্য এক দিক দিয়ে খুব ভালো। আমি এ জন্য বলছি, আসলে প্রত্যেক খেলোয়াড়েরও অনুভব করা দরকার দলে তার ভূমিকাটা কী। শুধু সাকিবের কাছ থেকে প্রত্যাশা করতে থাকলে আসলে আমাদের দলের কখনো উন্নতি হবে না। উন্নতি করতে হলে প্রত্যেক খেলোয়াড়কে পারফর্ম করতে হবে। সাকিব এক্সট্রা অর্ডিনারি পারফর্ম করেই যাবে। আমরাও যদি ওকে সাহায্য করতে পারি, তাহলে যেকোনো দলের বিপক্ষে আমরা জিততে পারব।’বাংলাদেশ পরবর্তী ধাপটায় পৌঁছানোর সিঁড়ি বাইতে শুরু করেছে এশিয়া কাপে। সাকিবকে ছাড়া এই সিরিজ জয় হবে এক লাফে সেই সিঁড়ির কয়েক ধাপ এগিয়ে যাওয়া। সিরিজ জয়ে এগিয়ে যেতে চাই আরেকটি জয়। আর জয়ের জন্য আজ চাই আরেকটি ভালো শুরু!