আরেকটি মেসি-মৌসুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় দশকের জীবনে ফুটবলের রথী-মহারথী কম দেখেননি আর্সেন ওয়েঙ্গার। কিন্তু ভিডিও গেমের একটি চরিত্র পর্দা থেকে বেরিয়ে এসে মাঠে ফুটবল খেলছে, এমন দৃশ্য কখনো দেখেননি। দেখেননি বলেই ৪-১ গোলে ম্যাচ হারার পরও পরম বিস্ময়ের সঙ্গে বলেছিলেন, ‘ও তো প্লে-স্টেশনের খেলোয়াড়!’সেই ‘প্লে-স্টেশন’ খেলোয়াড়টির নাম লিওনেল মেসি। পরশু রাতে এই মৌসুমে ক্লাবের হয়ে শেষ ম্যাচে মেসি প্রমাণ করে দিলেন তাঁকে ভিডিও গেমের খেলোয়াড় বলে খুব একটা ভুল করেননি! আরও একবার জোড়া গোল করে অনেকগুলো রেকর্ড, অনেকগুলো পুরস্কার নামিয়ে আনলেন পায়ের নিচে। আরও একটা মেসি-মৌসুম শেষ হলো।লিগের শেষ ম্যাচে ভ্যালাদোলিদের বিপক্ষে দুই গোলে ইউরোপের সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে মেসির গোলসংখ্যা দাঁড়াল ৪৭। বার্সেলোনার পক্ষে লা লিগায় ৩৪ গোল করে পূর্বসূরি ব্রাজিলিয়ান রোনালদোর রেকর্ড ছুঁয়েছেন। নিশ্চিত করেছেন এ মৌসুমে লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘পিচিচি’। একই সঙ্গে বড় ব্যবধানে ইউরোপের ‘সোনার জুতা’ জয় নিশ্চিত করেছেন।ইউরোপের সর্বোচ্চ গোলদাতা হওয়ার প্রতিযোগিতায় ৬৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে থাকা মেসির নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী দিদিয়ের দ্রগবা ও আন্তনিও ডি নাতালের পয়েন্ট ৫৮ করে; দুজনই করেছেন ২৯টি করে গোল।২০০৯ সালে ব্যালন ডি’অর ও ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কারজয়ী মেসি চলতি মৌসুমে যেন আরও অপ্রতিরোধ্য। গত মৌসুম যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই বা আরও ওপর থেকে শুরু করলেন এ মৌসুমটা।এ বছর জানুয়ারি মাসে টেনেরিফের বিপক্ষে নিজের প্রথম হ্যাটট্রিক করেছিলেন। এর পর মাত্র ৫ ম্যাচে ১১ গোল করে সবাইকে তাক লাগিয়ে দেন আর্জেন্টাইন প্লে-মেকার। ভ্যালেন্সিয়া ও জারাগোজার বিপক্ষে পরপর দুই ম্যাচে হ্যাটট্রিক করে বার্সেলোনার ইতিহাসে নাম লিখিয়ে ফেলেছিলেন। এই প্রথম বার্সেলোনার কোনো খেলোয়াড়ের লিগে হ্যাটট্রিক হলো পর পর দুই ম্যাচে।এখানেই শেষ নয়। ৬ এপ্রিল চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আর্সেনালকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়া ম্যাচটি ছিল মেসির। মেসি একাই যে করেছিলেন ৪ গোল। ক্যারিয়ারে প্রথম বড় কোনো ম্যাচে ৪ গোল করে বার্সেলোনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় রিভালদোকে টপকে গেলেন। এই ম্যাচ দেখেই প্রতিপক্ষ কোচ ওয়েঙ্গার তাঁকে আখ্যা দেন ‘প্লে-স্টেশন চরিত্র’। মৌসুমের শেষ পর্যন্ত চলেছে মেসির এই গোল-উৎসব। শেষ ম্যাচে ২ গোল করে বার্সেলোনার রেকর্ড ৩৪ গোল করার পাশাপাশি এ মৌসুমে বার্সেলোনার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায়ও চলে এলেন। এই তালিকায় ৩৮ গোল নিয়ে সবার ওপরে টেলেমো জারা।আর এসব মিলিয়েই আবারও ব্যালন ডি’অর ও ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কারের জোর দাবি জানিয়ে রাখলেন মেসি। এমনিতে গত বছরের চেয়ে লিগে ১১টি ও সব মিলিয়ে ৯টি গোল বেশি করা মেসি ইউরোপ ও বিশ্বসেরা ফুটবলার হওয়ার তর্কাতীত দাবিদার।কিন্তু বছরটা যে একটু অন্যরকম! এ বছর শুধু ক্লাবের হয়ে পারফরম্যান্সে এসব পুরস্কার মিলবে না। এ বছর বিশ্বকাপের বছর। বিশ্বসেরা হতে গেলে আরেক ধাপ এগোতে হবে মেসিকে। জীবনের সবচেয়ে বড় ধাপ—বিশ্বকাপে আলো ছড়াতে হবে! ওয়েবসাইট।