আরেকটি রেকর্ডের সামনে মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিওনেল মেসি
লিওনেল মেসি

লিওনেল মেসির নামের সঙ্গে ইদানীং আরেকটি বিশেষণ যুক্ত হয়েছে—‘রেকর্ডম্যান’! একের পর এক রেকর্ড নিজের নামের পাশে যুক্ত করা মেসি আজ আরেকটি রেকর্ডের সামনে। বার্সেলোনার হয়ে সর্বপ্রতিযোগিতা মিলিয়ে মেসি করেছেন ৩৩৪ গোল। আর একটি গোল করলেই স্প্যানিশ ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করবেন এই আর্জেন্টাইন। দুটো গোল করলে ভেঙেই দেবেন রেকর্ডটি। অ্যাথলেটিক বিলবাওয়ের কিংবদন্তি তেলমো জারা করেছিলেন ৩৩৫ গোল।

আজ বাংলাদেশ সময় রাত তিনটায় স্প্যানিশ কাপের সেমিফাইনালের ফিরতি লেগে বার্সা মুখোমুখি হবে রিয়াল সোসিয়েদাদের। প্রথম লেগটা ২-০ গোলে জেতায় ফাইনালে এক পা দিয়েই রেখেছে বার্সা। তার পরও ম্যাচটির গুরুত্ব কমছে না। এই ম্যাচ দিয়েই যে আরেকটি গৌরবের ইতিহাসে পা রাখতে পারেন মেসি। বিস্ময়ের ব্যাপার হলো, মাত্র ২৬ বছর বয়সেই স্প্যানিশ ফুটবলের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাচ্ছেন এই খুদে জাদুকর!

স্প্যানিশ ফুটবলের রেকর্ডের পাতায় পাতায় এমনিতেই ছড়ানো আছে তাঁর নাম। আরও কিছু রেকর্ডের হাতছানি তাঁর সামনে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রেকর্ড নিশ্চয়ই স্প্যানিশ লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হওয়ার। মেসির ৩৩৪ গোলের ২২৬টি লা লিগায়। বর্তমানে লা লিগার সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় মেসির অবস্থান পাঁচে। ২৫১ গোল নিয়ে এক নম্বর জায়গাটি এখনো বেশ নিরাপদ দূরত্বেই রেখেছেন তেলমো জারা। রেকর্ডটি ছুঁতে আরও ২৫ গোল করতে হবে মেসিকে।

তবে আর আটটি গোল করতে পারলেই তিনি এই তালিকার দুইয়ে উঠে আসবেন। আগের ম্যাচে অসাধারণ দুটো গোল করে লিগে তাঁর গোল-খরা কাটানো মেসি কয়েক সপ্তাহের মধ্যেই সেই দুয়ে উঠে আসার কাজটি সেরে ফেলবেন হয়তো। লিগে আর একটি গোল করলেই মেসি ধরে ফেলবেন আরেক আর্জেন্টাইন কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানোর করা ২২৭ গোলের রেকর্ড। ২২৮ গোল নিয়ে তিনে আছেন রাউল। দুয়ে থাকা হুগো সানচেজ লা লিগায় করেছেন ২৩৪ গোল।