আরেকটি লিভারপুল-ম্যানইউ লড়াই
এফএ কাপে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয়েছে তারাই। পরশু নগর প্রতিদ্বন্দ্বী সিটিকে ৩-২ গোলে হারিয়ে চতুর্থ রাউন্ডেও উঠে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে দ্বাদশ শিরোপা অভিযানে নামা স্যার অ্যালেক্স ফার্গুসনের দলকে প্রতিটি ধাপেই পেরোতে হচ্ছে কঠিন বাধা। সিটিকে হারিয়ে গতবারের সেমিফাইনাল হারের প্রতিশোধ নেওয়ার সঙ্গে পেরোনো গেছে কঠিনতম বাধাটিই। তবে ইউনাইটেডকে চতুর্থ রাউন্ডে মুখোমুখি হতে হচ্ছে ঐতিহ্যের দিক দিয়ে আরও বড় দল লিভারপুলের। ২০০৬ সালে এফএ কাপে দুই দলের সর্বশেষ লড়াইয়ে ১-০ গোলে জিতেছিল লিভারপুল। সেবারও চতুর্থ রাউন্ডেই দেখা হয়েছিল দুই দলের। কাল এফএ কাপের চতুর্থ রাউন্ডের ড্রই আয়োজন সাজিয়েছে জিবে জল আনা এই লড়াইয়ের। এ মাসের ২৮ অথবা ২৯ তারিখে লিভারপুল ঘরের মাঠে খেলবে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে। এমনিতেই এই দুই দলের লড়াইকে ঘিরে থাকে উত্তেজনা আবহ। এবার উত্তেজনার পারদটি আরও চড়েছে সুয়ারেজ-কাণ্ডের কারণে। গত বছরের অক্টোবরে অ্যানফিল্ডে দুই দলের সর্বশেষ লড়াইয়ে ম্যানইউর প্যাট্রিস এভরাকে বর্ণবাদী গালি দেন উরুগুয়ে তারকা লুইস সুয়ারেজ। সুয়ারেজ অস্বীকার করলেও এফএ তাকে দোষী সাব্যস্ত করে আট ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে, জরিমানাও করেছে ৪০ হাজার পাউন্ড। তবে এবারের ম্যাচে সুয়ারেজ থাকছেন না। এই সময়ের মধ্যে শেষ হবে না তাঁর শাস্তি। তবে ফেব্রুয়ারির ১১ তারিখে প্রিমিয়ার লিগের ফিরতি ম্যাচে ওল্ড ট্রাফোর্ডে ঠিকই থাকছেন সুয়ারেজ। ম্যান সিটির বিপক্ষে দুই গোল করে জয়ের নায়ক ওয়েইন রুনির তর সইছে না লিভারপুলে যেতে। কালই টুইট করেছেন, ‘দারুণ একটা ড্র হলো। আরেকটা বড় ম্যাচ। অপেক্ষা সইছে না আর।’ রোববারের ড্র চেলসির সঙ্গে কুইন্স পার্ক রেঞ্জার্সের মুখোমুখি হওয়ারও একটা সম্ভাবনা জাগিয়েছে। কিউপিআর প্লে-অফে লিগ ওয়ানের (তৃতীয় সারি) দল মিল্টন কিনেস ডনসকে হারাতে পারলেই হয়। গত ২৩ অক্টোবর দুই দলের সর্বশেষ লড়াইয়ে বর্ণবাদী আচরণের অভিযোগ ওঠে চেলসি ও ইংল্যান্ডের অধিনায়ক জন টেরির দিকে। ওই অভিযোগে টেরিকে এখন ছুটতে হচ্ছে আদালতে। রয়টার্স।