আরেকটি সহজ জয়ে সিরিজ অস্ট্রেলিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেবারিট শেন ওয়াটসন। তবে রিকি পন্টিং, মাইক হাসিরাও আছেন লড়াইয়ে। শুধু তাঁদেরই নয়, পুরো অস্ট্রেলিয়া ক্রিকেটমহলের দৃষ্টি এখন মেলবোর্নে। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের ভেন্যু বলেই নয়, মেলবোর্নের ক্রাউন ক্যাসিনোতে আজ রাতেই যে হতে যাচ্ছে ১১তম অ্যালান বোর্ডার পদকের জাঁকালো অনুষ্ঠান। মাঠের লড়াইয়ে যখন উত্তেজনা বলে কিছু নেই, মাঠের বাইরের উপকরণেই উত্তেজনা খুঁজে নিতে হয়!ব্রিসবেনে কাল আরেকটি একতরফা লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজকে ৫০ রানে হারিয়ে ৩-০-তে এগিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। সিরিজ শুরুর আগে ৪-১ ব্যবধানে জিতবেন বলে হুঙ্কার দিয়েছিলেন ক্রিস গেইল। উল্টো তিনি এখন খুঁজছেন ৪-০-তে হার এড়ানোর পথ। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের জন্য একটা স্বস্তি অবশ্য আছে, তৃতীয় ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কা অন্তত নেই!কালকের হারে কাঠগড়ায় দাঁড় করানো যায় এই গেইলকেই। প্রথমত, টস জিতে ফিল্ডিং নেওয়ায়। আগের ম্যাচে ফিল্ডিং নিয়ে অস্ট্রেলিয়াকে ২২৫ রানে আটকে রাখার ব্যাপারটাই হয়তো মাথায় ছিল তাঁর। কিন্তু সিডনির মতো গ্যাবার উইকেট বোলারদের বন্ধু ছিল না। অস্ট্রেলিয়া তাই তুলে ফেলে এই মাঠের রেকর্ড ৩২৪ রান (আগের সর্বোচ্চ ৩০৩, ২০০৪ সালে ভারতের)। গেইল ভালো একটা ইনিংস খেললেই এই রান ওয়েস্ট ইন্ডিজ টপকাতে পারত। ক্যারিবিয়ান অধিনায়ক ব্যর্থ এখানেও। শুরুটা করেছিলেন, কিন্তু চালিয়ে যেতে পারেননি। ২১ বলে ৩৪ রান করে আরও একবার যখন ডগ বলিঞ্জারের শিকার হলেন, ম্যাচেরও কার্যত মৃত্যু তখনই।৩১তম ওভারে ১৪৬ রানে নেই ৬ উইকেট, এখান থেকে পুরো ৫০ ওভার খেলে ২৬৬ রান করতে পারাই ওয়েস্ট ইন্ডিজের অর্জন। ব্যর্থ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের দুই উজ্জ্বল তারকা কাইরন পোলার্ড ও ডোয়াইন স্মিথ সপ্তম উইকেটে ৯৯ বলে গড়েছেন ১০২ রানের জুটি। হাফ সেঞ্চুরি করেছেন দুজনই, তবে মাঠের হাজার বিশেক দর্শককে তা কেবল কিছু বাড়তি আনন্দ দিয়েছে। ম্যাচের ফলাফল নিয়ে তো সংশয় ছিল না।গ্যাবায় অস্ট্রেলিয়ার মাত্র দ্বিতীয় তিন শ রানের ইনিংসটার ভিত্তি রিকি পন্টিংয়ের ২৯তম সেঞ্চুরি। ক্যামেরন হোয়াইটকে নিয়ে তৃতীয় উইকেটে অস্ট্রেলীয় অধিনায়ক গড়েছেন ১৩১ রানের জুটি। পুরো ইনিংসে খেলেছেন সমান ছন্দে, ৫৫ বলে ফিফটির পর সেঞ্চুরি ১০৬ বলে। হোয়াইট আউট হওয়ার পর টানা দুই ওভারে ভোজেস ও পন্টিংয়ের আউটে একটু ধাক্কামতো খেয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু মাইক হাসি ও জেমস হোপসের ৩১ বলে ৫২ রানের জুটি তিন শ পার করায় স্বাগতিকদের। ২১ বলে ৪২ রান করেন হোপস, শেষ ১০ ওভারে অস্ট্রেলিয়া ৯৮।