আরেকটি হারে শীর্ষচ্যুত ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আউট হওয়ার পর হতাশ বিরাট কোহলি। ওয়েবসাইট
আউট হওয়ার পর হতাশ বিরাট কোহলি। ওয়েবসাইট

ইংল্যান্ডকে হটিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেই ২০১৩ সালটা শুরু করেছিল ভারত। ঠিক এক বছর পর মহেন্দ্র সিং ধোনির দল মুদ্রার উল্টো পিঠও দেখে ফেলল। কাল নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচেও পরাজয় শীর্ষস্থান থেকে ছিটকে দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নদের। এক নম্বরে উঠে গেছে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম তিন ম্যাচেই জয়ী অস্ট্রেলিয়া।
হ্যামিল্টনে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে আরেকবার নিখুঁত ক্রিকেটের প্রদর্শনীতে ম্যাচ জিতে নিয়েছে নিউজিল্যান্ড। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে জয় এসেছে ১৫ রানে। নেপিয়ারের প্রথম ওয়ানডের চিত্রনাট্যই যেন অনুসরণ করল এই ম্যাচ। আবারও টস হেরে ব্যাটিং পেল নিউজিল্যান্ড। শুরুতেই রাইডারের আরেকটি সংক্ষিপ্ত ঝোড়ো ইনিংস। এরপর উইলিয়ামসন ও টেলরের গড়ে দেওয়া ভিত্তির ওপর দাঁড়িয়ে অ্যান্ডারসন-তাণ্ডব। ভারতীয় ইনিংসে কোহলি ও ধোনির বড় রান তাড়া করার সম্ভাবনা জাগানো ও শেষ পর্যন্ত ঠিক সময়ে উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডের জয়।
নিউজিল্যান্ডের ইনিংসের ৩৪তম ওভারে হানা দেয় বৃষ্টি। আবার খেলা শুরু হতে হতে ম্যাচ হয়ে গেছে ৪২ ওভারের। বৃষ্টির আগে নিউজিল্যান্ডের স্কোর ছিল ২ উইকেটে ১৭০। খেলা আবার শুরু হওয়ার পর ৮.৪ ওভারেই ১০১ রান তুলে সেটি ২৭১। বৃষ্টি-বিরতির পরপরই উইলিয়ামসনের (৮৭ বলে ৭৭) বিদায় উইকেটে আনে দ্রুততম ওয়ানডে সেঞ্চুরিয়ান কোরি অ্যান্ডারসনকে। প্রথম ম্যাচে ৪০ বলে অপরাজিত ৬৮ রানের ইনিংস খেলেছিলেন। কাল হুমকিতে ফেলেছিলেন সনাৎ জয়াসুরিয়ার হাফ সেঞ্চুরির বিশ্ব রেকর্ডটিকে। ১৬ বলে করে ফেলেছিলেন ৪৪। ১৭তম বলে ইনিংসের ষষ্ঠ ছক্কাটি পেলেই ছুঁয়ে ফেলতেন জয়াসুরিয়ার রেকর্ড। কিন্তু ক্যাচ হয়ে গেলেন লং অনে। চতুর্থ উইকেট জুটিতে মাত্র ২৮ বলে ৭৪ রান যোগ করেছেন অ্যান্ডারসন-টেলর।
ডাকওয়ার্থ-লুইসের মহিমায় ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৯৭। সর্বোচ্চ ৭৮ রান (৬৫ বলে) আগের ম্যাচের সেঞ্চুরিয়ান কোহলির। ৪১.৩ ওভারে ভারত ৯ উইকেটে ২৭৭ রান তোলার পর আরেকবার বৃষ্টির হানা, ম্যাচ শেষ ওখানেই। পার স্কোর থেকে ধোনির দল তখন ১৫ রানে পিছিয়ে।
সিরিজের তৃতীয় ম্যাচ ২৫ জানুয়ারি অকল্যান্ডে। এএফপি।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ৪২ ওভারে ২৭১/৭ (গাপটিল ৪৪, রাইডার ২০, উইলিয়ামসন ৭৭, টেলর ৫৭, অ্যান্ডারসন ৪৪, ব্রেন্ডন ম্যাককালাম ০, রনকি ১৮*, নাথান ম্যাককালাম ১, মিলস ২*; ভুবনেশ্বর ১/৪৩, সামি ৩/৫৫, ইশান্ত ১/৪৬, জাদেজা ১/৪৬, কোহলি ০/১২, অশ্বিন ০/৫০, রায়না ১/১৮)। ভারত (লক্ষ্য ৪১.৩ ওভারে ২৯৩): ৪১.৩ ওভারে ২৭৭/৯ (ধাওয়ান ১২, রোহিত ২০, কোহলি ৭৮, রাহানে ৩৬, ধোনি ৫৬, রায়না ৩৫, জাদেজা ১২, অশ্বিন ৫, ভুবনেশ্বর ১১, সামি ১*, ইশান্ত ১*; মিলস ১/৫০, ম্যাকলেনাহান ১/৪৫, সাউদি ৪/৭২, নাথান ম্যাককালাম ০/৪০, অ্যান্ডারসন ৩/৬৭)। ফল: নিউজিল্যান্ড ১৫ রানে জয়ী (ডি/এল)। ম্যান অব দ্য ম্যাচ: কেন উইলিয়ামসন।