
দুই দলের কোনোটিতেই বিশ্বমানের তারকা নেই৷ তবু হয়তো আজ রাতে জাপান-গ্রিস ম্যাচটি অনেকের চোখ টানবে৷ দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরে বসে থাকায় আজ দুদলেরই মরিয়া লড়াই চালানোর কথা নাতালে।
প্রথম ম্যাচে আইভরিকোস্টের সঙ্গে স্বভাববিরোধী রক্ষণাত্মক খেলে জাপান হেরেছে ১-২ গোলে। আর কলম্বিয়ার কাছে ৩-০ গোলে উড়ে গেছে গ্রিস৷ আজ দুদলেরই দ্বিতীয় ম্যাচটি তাই মহাগুরুত্বপূর্ণ। দ্বিতীয় রাউন্ডে ওঠার স্বপ্ন জিইয়ে রাখতে হলে জয় ছাড়া উপায় নেই।
জয়ের ছক নাকি আঁকা হয়ে গেছে জাপানের৷ গ্রিস রক্ষণটাকে বানিয়ে রাখে প্রাচীন সাম্রাজ্যের দুর্গের মতো, গোলের জন্য তারা নির্ভর করে পাল্টা আক্রমণে৷ এটারই সুযোগ নিতে চায় জাপান৷ জাপানের সেন্টার ব্যাক মায়া ইয়োশিদা যেমন বললেন, ‘ওদের রক্ষণভাগটা দেয়াল হয়ে থাকবে। আমরা শুরুতে গোল পেলে তারা আক্রমণে বাধ্য হবে। তখন ভঙ্গুর আক্রমণভাগের সুযোগ নিতে পারব।’
ইউরোপের প্রতিনিধি—এটা গ্রিসের একটা অহঙ্কার, ২০০৪ ইউরো চ্যাম্পিয়নরা ফিফা র৵াঙ্কিংয়েও অনেক এগিয়ে। গ্রিসের র৵াঙ্কিং যেখানে ১২, জাপান অনেক পিছিয়ে ৪৬তম অবস্থানে। সুতরাং এশিয়ার নীল সামুরাইদের সামনে গ্রিসেরই নীল রক্ত ছলকে ওঠার কথা। তারা কি জয়ের ছক না এঁকে পারে? গ্রিক স্ট্রাইকার গিওর্গস সামারাসের কথায় অবশ্য আত্মম্ভরিতা নেই, তবে ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন জয়টাকেই তাঁরা করেছেন পাখির চোখ, ‘কলম্বিয়ার বিপক্ষে জয়ের জন্যই খেলেছি। ওই ম্যাচের দর্শনটা বদলাবে না৷ শুধু আশা করছি এটা আমাদের ভালো ফল এনে দেবে, কেননা জাপান ম্যাচটি এখন আমাদের জিততে হবে, জিততেই হবে।’ এএফপি, রয়টার্স।