আরেকটি ‘মুলার’ বিশ্বকাপ
একজন ফুটবলারকে ‘বলবয়’ বলে ডিয়েগো ম্যারাডোনা নিশ্চয়ই ঠিক কাজ করেননি। কিন্তু ম্যারাডোনার দোষ কী বলুন? লিকলিকে লম্বা একটা ছেলে, জাতীয় দলে অভিষেক দূরের কথা, যার নাকি ক্লাব দলের জায়গাটাও তখন পাকা নয়, সেই ছেলেকে আর কী-ই বা বলা যেত!বিশ্বকাপের আগে দুটি মাত্র আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা। জাতীয় দলের হয়ে অভিষেক গত মার্চ মাসে। বিশ্বকাপের আগ পর্যন্ত একটিও আন্তর্জাতিক গোল ছিল না তাঁর।এমন ‘অজ্ঞাতকুলশীল’ ফুটবলারকে নিয়ে বিশ্বকাপের এই হিসাব মেলানোর পর্বে কেন আলোচনা! কারণ, সেদিনের সেই বলবয়, অজ্ঞাতকুলশীল টমাস মুলারই দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের সবচেয়ে বড় আলোচ্য হয়ে উঠলেন।২০ বছরের এই জার্মান তরুণ ফিফার বিবেচনায় জিতেছেন ‘হুন্দাই সেরা তরুণ খেলোয়াড়’ পুরস্কার। পাঁচ গোল করে এবং ৩ গোল করিয়ে জিতেছেন গোল্ডেন বুট। এবারের বিশ্বকাপে জার্মানির খেলা দেখেছেন, এমন কারও পক্ষে মুলারের এসব প্রাপ্তি নিয়ে আপত্তি করার সুযোগ নেই। উল্টো প্রশ্ন উঠছে, মুলারই কেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নন!মুলারের নিজের কোনো অভিযোগ তো নেই, এমনকি দু-দুটো পুরস্কার পাওয়ার পরও বাড়াবাড়ি উচ্ছ্বাসে ভেসে যাওয়ার কোনো ব্যাপার নেই। নিজের এসব সাফল্যের কৃতিত্ব দিলেন বায়ার্ন মিউনিখের হয়ে খেলার অভ্যাসকে, ‘বায়ার্নে আমরা সত্যিই ভালো একটা মৌসুম কাটিয়ে এসেছি। ব্যক্তিগতভাবে আমার জন্যও মৌসুমটা ভালো কেটেছে। ওখানে আমি বেশ কিছু গোল করেছি, গোল করায় সহযোগিতা করেছি। ওটাই আমাকে খুব আত্মবিশ্বাসী করেছে।’কেমন পরিণত কথা! মুলারের মুখে এমন পরিণত খেলোয়াড়ের মতো কথা শুনে জার্মানির ভবিষ্যৎ নিয়ে আশ্বস্ত হতে পারেন সমর্থকেরা। তাঁকে নিয়ে স্বপ্ন দেখতে পারেন। মুলারকে নিয়ে তাঁর নামের জন্যই স্বপ্ন দেখা যায়।জার্মানির ‘মুলার’ বললেই লোকে চিনত ১৩ নম্বর জার্সি পরা জার্ড মুলারকে। রোনালদো ভেঙে ফেলার আগ পর্যন্ত বিশ্বকাপের সর্বোচ্চ (১৪) গোলদাতা ছিলেন জার্ড মুলার। এত দিনে ১৩ নম্বর জার্সি পরে আরেক মুলারকে বিশ্বকাপ মাতাতে দেখে জার্মানদের আহলাদিতই হওয়ার কথা। অন্য জার্মানদের কথা কী বলবেন! খোদ জার্ড মুলারই মুগ্ধ এই টমাস মুলারে, ‘ছেলেটার সব গুণই আছে। খুব দ্রুত, দুই পায়েই শট করতে পারে, বাতাসে খুব দক্ষ, চ্যানেল ধরে ভয়ংকর দৌড়ও দিতে পারে। ও খুব দ্রুত ভাবতে পারে, খেলাটা খুব দ্রুত বুঝে ফেলতে পারে। আর সবচেয়ে বড় কথা গোল করার ভীষণ ক্ষুধা আছে তার।’২০০০ সালে, ১০ বছর বয়সী মুলার যোগ দিয়েছিলেন বায়ার্ন মিউনিখের অ্যাকাডেমিতে। বায়ার্নের যুব দলের হয়ে অনূর্ধ্ব-১৯ বুন্দেসলিগা রানার্সআপ হয়েছেন। ২০০৮ সালে বায়ার্নের দ্বিতীয় দল ‘লিটল বায়ার্নে’র হয়ে তৃতীয় বিভাগে অভিষেক। তৃতীয় বিভাগে ৩২ ম্যাচে ১৫ গোল করার পুরস্কার হিসেবে ওই মৌসুমেই চারটি প্রীতি ম্যাচ খেলে ফেলেছিলেন বায়ার্ন মিউনিখ মূল দলের হয়ে। আর সত্যিকারের ‘সিনিয়র’ ক্যারিয়ার শুরু তাঁর গত মৌসুমে। বায়ার্নের হয়ে ৫২ ম্যাচে ১৯ গোল করেছেন। জিতেছেন বুন্দেসলিগা, জার্মান কাপ। চ্যাম্পিয়নস লিগে হার মানতে হয়েছে ফাইনালে। দলীয়ভাবে মুলারকে বিশ্বকাপেও হার মানতে হলো, সেমিফাইনালে। কিন্তু শেষ পর্যন্ত উরুগুয়েকে হারিয়ে তৃতীয় হয়েছে জার্মানরা। আর বেকেনবাওয়ার, পোডলস্কির পর তৃতীয় জার্মান হিসেবে সেরা তরুণের পুরস্কার জিতলেন। পেলের পর সবচেয়ে কম বয়সে বিশ্বকাপে ৫ গোল করলেন।জার্মানিতে কি তাহলে আরেকটা ‘মুলার যুগ’ শুরু হয়ে গেল! ওয়েবসাইট।