আরেকটু অপেক্ষা মাশরাফির
আরেকটু অপেক্ষা করতেই হচ্ছে মাশরাফি বিন মুর্তজাকে। বিমানের হয়ে গাজী ট্যাংকের বিপক্ষে প্রিমিয়ার লিগের আজকের ম্যাচে খেলা হচ্ছে না তাঁর। তবে বিমান অধিনায়ক সানোয়ার হোসেন নিশ্চিত করছেন, ২৪ জানুয়ারি মিরপুরে মোহামেডানের বিপক্ষে খেলবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।আজ খেললে ফিজিওর পরামর্শ অনুযায়ী শুধু ব্যাটসম্যান হিসেবেই খেলতে হতো মাশরাফিকে। কিন্তু বিমান মাশরাফির বোলিংটাও চায়। এ কারণেই তাঁর মাঠে ফেরার দিনটা পিছিয়ে গেছে। ‘২৪ জানুয়ারি মাশরাফি অল্প কয়েক ওভার বোলিং করবে। সঙ্গে ব্যাটিং আর ৫০ ওভার ফিল্ডিংও করবে।’ কাল টেলিফোনে জানিয়েছেন সানোয়ার।চার দিন বিরতির পর আজ প্রিমিয়ার লিগ শুরু হয়ে একটানা চলবে ৬ ফেব্রুয়ারি, অবশ্য সর্বশেষ ফিকশ্চারে যদি আবার পরিবর্তন না হয়। লিগের পঞ্চম রাউন্ড শেষে ওল্ড ডিওএইচএস, গাজী ট্যাংক, মোহামেডান, ভিক্টোরিয়া—এই চার দলেরই পয়েন্ট ৮ করে। তবে নেট রান রেটে পয়েন্ট তালিকায় সবার ওপরে আছে ওল্ড ডিওএইচএস। ৬ পয়েন্ট করে পেয়েছে আবাহনী ও শেখ জামাল।