আরেকবার বার্সার জয়ের নায়ক মেসি
মাত্র কয়েক সপ্তাহ আগেই স্প্যানিশ লিগের শীর্ষস্থানে ছিল এবারের মৌসুমের অন্যতম শিরোপাপ্রত্যাশী ভিলারিয়াল। কিন্তু গতকাল ন্যু ক্যাম্পে মেসি-জাদুতে একেবারেই ম্লান হয়ে গিয়েছিল তারা। নিজেকে আরও একবার নতুন করে চিনিয়েছেন এই আর্জেন্টাইন জাদুকর। তাঁর অসাধারণ জোড়া গোলে ভিলারিয়ালের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে বার্সা।প্রথমার্ধে লড়াইটা সমানে সমানেই হয়েছিল। ২২ মিনিটে ইনিয়েস্তার পাস থেকে গোল করে বার্সাকে এগিয়ে দিয়েছিলেন ডেভিড ভিয়া। কিন্তু চার মিনিট পরেই খেলায় সমতা ফেরান ভিলারিয়ালের ব্রাজিলিয়ান স্ট্রাইকার নিলমার। ১-১ গোলে সমতা নিয়েই শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই জ্বলে ওঠেন লিওনেল মেসি। ৫৮ মিনিটে শ্বাসরুদ্ধকর একটি গোল করে তিনি বেশ ভালোমতোই বুঝিয়ে দেন, কেন তাঁকে এ সময়ের সেরা খেলোয়াড় বলা হয়। পেদ্রোর সঙ্গে দুবার বল বিনিময় করার পর ভিলারিয়ালের এক ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ডান পায়ের আলতো চিপে বল পাঠিয়ে দেন প্রতিপক্ষের জালে। ‘মেসি মেসি’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ন্যু ক্যাম্প। ৮৩ মিনিটে পেদ্রোর পাস থেকে আরও একটি গোল করে শক্তিশালী ভিলারিয়ালের বিপক্ষে বার্সার জয়টা নিশ্চিত করেন তিনি।এ জয়ের পর স্প্যানিশ লিগে ১১ ম্যাচ শেষে ২৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা। অবশ্য আজকে রাতে স্পোর্টিং গিজনের বিপক্ষে জিতলে আবারও ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে চলে যাবে রিয়াল মাদ্রিদ। বার্সা-রিয়ালের এ লড়াইয়ের সঙ্গে সঙ্গে জমে উঠেছে মেসি-রোনালদোর লড়াইও। ১১ গোল করে এখন পর্যন্ত লা লিগার সর্বোচ্চ গোলদাতা রোনালদো। আর ভিলারিয়ালের বিপক্ষে দুই গোল করার পর মেসির গোলসংখ্যা ১০। এদিকে প্রায় দুই মাসের গোল-খরা কাটিয়েছেন বিশ্বকাপে গোল্ডেন বল জয়ী ডিয়েগো ফোরলান। ওসুনিয়ার বিপক্ষে তাঁর দুই গোলেই ৩-০ গোলের জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। অ্যালমেইরার বিপক্ষে ১-০ গোলে জিতেছে অ্যাথলেটিক বিলবাও। রয়টার্স।