আরেকবার হোয়াইটওয়াশ নিউজিল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরেক দফা হোয়াইটওয়াশের লজ্জা পেয়েছে নিউজিল্যান্ড। আগের সফরে ৪-০ তে লজ্জাটা দিয়েছিল বাংলাদেশ। এবার দিয়েছে ভারত। ব্যবধানটা অবশ্য আগের সফরের চেয়েও বেশি, ৫-০!হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ের শুরুতে ভাগ্য সহায় হয়েছিল নিউজিল্যান্ডেরই। টসে জয় পেয়েছিলেন ডেনিয়েল ভেট্টোরি। কিন্তু দিন শেষে ভেট্টোরিরা উল্টো সেই ভাগ্যকেই দোষারূপ করতে পারেন। না হলে ২৭ ওভারে মাত্র ১০৩ রানেই কেন গুটিয়ে যাবে নিউজিল্যান্ডের ইনিংস! লক্ষ্যটা সহজ হলে যা হয়—মাত্র ২১.১ ওভারে দুই উইকেট হারিয়েই আরেকটা অসাধারণ জয় ভারতের। শেষ ম্যাচে ৮ উইকেটের জয়! সঙ্গে আবার সফরকারীদের হোয়াইটওয়াশ করার আনন্দও!প্রথম ওভারেই প্রথম উইকেটের পতন। ৭১ রানে চার আর ৭৪ রানে ছয় উইকেটের পতন। ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে একপর্যায়ে মাত্র ১০৩ রানে থেমে যায় নিউজিল্যান্ডের ইনিংস। অশ্বিন সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন। আশীষ নেহরা, যুবরাজ সিং ও ইউসুফ পাঠান প্রত্যেকে নেন দুটি করে উইকেট।ভারতের লক্ষ্যটা সহজ, চাই মাত্র ১০৪ রান। কিন্তু প্রথম ওভারের তৃতীয় বলেই সাজঘরে অধিনায়ক গৌতম গম্ভীর (০)। দলীয় ১০ রানে নেই বিরাট কোহলি (২)। কিন্তু নিউজিল্যান্ডের প্রাপ্তি বলতে এতটুকুই। এরপর সফরকারীরা পেয়েছে কেবল হতাশা আর হতাশা। পার্থিব প্যাটেল ও যুবরাজ সিংয়ের ৯৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৮ উইকেটের বড় জয় ভারতের। হোয়াইটওয়াশ নিশ্চিত করার ইনিংসে প্যাটেল ৫৬ ও যুবরাজ ৪২ রানে অপরাজিত থাকেন। —ক্রিকইনফো।