আর্চারি এবং সরকারি বাঙলা কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নূরে আলম এখন বিকেএসপির আর্চারি কোচ। বাংলাদেশের পক্ষে আর্চারিতে প্রথম ব্যক্তিগত পদক জিতেছিলেন তিনিই। ২০০৬ কলম্বো দক্ষিণ এশীয় (এসএ) গেমসে ব্রোঞ্জ। আর্চারিতে আসার গল্পটা কাল বলছিলেন আর্মি স্টেডিয়ামে চতুর্থ জাতীয় আর্চারির প্রথম দিনের এক ফাঁকে, ‘আমি তখন মিরপুরের সরকারি বাঙলা কলেজে পড়ি। একই সঙ্গে আমরা বেশ কিছু ছাত্রছাত্রী বিএনসিসি (বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর) করতাম। বিএনসিসির বাঙলা কলেজের ইউনিট-প্রধান তখনকার আর্চারি অ্যাসোসিয়েশনের সদস্য ফারুক ঢালী স্যার। উনিই আর্চারিতে নিয়ে এসেছেন আমাকে।’সেই যে এলেন, এখন নাকি দুই দিন না খেয়ে থাকতে পারেন। কিন্তু আর্চারির নেশা ছাড়া কঠিন। ‘এই খেলাটা একটা নেশা। একবার যে ধরেছে, আর ছাড়তে পারেনি’—২০০৪ সালে বাংলাদেশে আর্চারি প্রবর্তনের শুরু থেকেই এর সঙ্গে সম্পৃক্ত নূরে আলমকে মনে হচ্ছিল আর্চারির ঘোরে আক্রান্ত মানুষ। তাঁর পথ ধরে বাঙলা কলেজের আরও অনেকেই এখন আর্চারিতে আসছেন।এবারের জাতীয় মিটে ১৩ জন খেলোয়াড় বাঙলা কলেজের ছাত্রছাত্রী। তিন দিনের প্রতিযোগিতায় স্কোরারের ভূমিকায় এই কলেজের ২৩ জন ছাত্র! এঁরা সবাই সাবেক ক্যাডেট ও অনার্স-মাস্টার্সের ছাত্র। আছেন ৫ জন বিচারকও।গ্রামাঞ্চলের দরিদ্র ছেলেমেয়েরাই মূলত চাকরির সন্ধানে খেলাধুলায় আসেন—বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এই ধারাটা যেন বদলে দিচ্ছে বাঙলা কলেজ। নির্দিষ্ট করে ফারুক ঢালীর কথাই বললেন কলেজের স্নাতক সমাজকল্যাণের ছাত্র ফয়েজ আহমেদ, ‘বিএনসিসি করার সুবাদে ফারুক ঢালী স্যারই আর্চারির ব্যাপারে আমাদের উৎসাহিত করেন।’বাঙলা কলেজের ছাত্র দুই ভাই ইমদাদুল হক (মিলন) ও ক্যাডেট জিয়াউল হক এরই মধ্যে এসেছেন প্রচারের আলোয়। ইমদাদুল গত বছর ইন্দোনেশিয়ায় যুব অলিম্পিক বাছাইয়ে তাঁর সোনা জয় দেশের আর্চারিতেই নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। জিয়াউলও হাঁটতে চান ভাইয়ের পথে। ‘২০০৬ সালে বিকেএসপিতে দক্ষিণ এশীয় আর্চারিতে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করি। এরপর ঢালী স্যারের সহযোগিতায় ঢুকে পড়ি আর্চারিতে। ভবিষ্যতে বড় আর্চার হতে চাই’—উত্তরা ব্যাংক জাতীয় আর্চারির উদ্বোধনী দিনে বলছিলেন ইমদাদুল হক। তাঁর পাশে দাঁড়ানো বাঙলা কলেজের সতীর্থ আবদুর রহমান, তারেক, মিলি, মরিয়ম, নাজমুলদেরও মুখেও ছিল একই স্বপ্ন।ঢালীর পরিশ্রম তাই অনেকটা সফল। ‘আমি বাঙলা কলেজের শারীরিক শিক্ষক। আন্তর্জাতিক বিচারকও। একই সঙ্গে ন্যাশনাল ক্যাডেট কোরের বাঙলা কলেজ শাখায় কমান্ডিং অফিসার। আমরা যখন ন্যাশনাল ক্যাডেটের ক্লাস নিই, তখন ওদের বুঝাই আর্চারি খেললে বিখ্যাত হওয়ার সুযোগ আছে। খেলাটায় তোমরা আস। ওদের কাছ থেকেও ভালো সাড়া পাই’—পরিতৃপ্তি নিয়েই বলে যান ফারুক ঢালী।কুষ্টিয়া যেমন সাঁতারের জন্য পরিচিত, তেমনই আর্চারির ক্ষুদ্র মানচিত্রে ফরিদপুর বড় হয়ে উঠছে ফেডারেশন সদস্য মাসুদুর রহমানের (চুন্নু) হাত ধরে। প্রায় ২০০ প্রতিযোগীর এই প্রতিযোগিতায় ফরিদপুরের আর্চার ৩০ জনের মতো। বিকেএসপির হয়ে খেলা তাদেরই একজন কিশোরী আনহা বলল, ‘অ্যাথলেটিকস করতাম। কিন্তু চুন্নু ভাই আর্চারিতে নিয়ে এলেন। এখন তো খেলাটা নেশা হয়ে গেছে।’