আর্চারিতে অনুমিত ব্যর্থতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাঙ্কিং রাউন্ড থেকে বিদায় নিয়েছিলেন ইমদাদুল হক। দেশের আর্চারির সবচেয়ে বড় তারকারই যখন এ অবস্থা, অন্যরা কী করবেন তা বোঝাই যাচ্ছিল। অনুমিতভাবেই কাল ব্যর্থতার কাব্য রচিত হলো ইনচনের গ্যায়াং এশিয়াড আর্চারি মাঠে। পুরুষ ও মহিলা একক এবং পুরুষ ও মহিলা দলীয় রিকার্ভ বো ইভেন্টের কোনোটিতে পদকের সম্ভাবনাই তৈরি করতে পারেননি বাংলাদেশের খেলোয়াড়েরা।
অবশ্য কিছুটা আশার সঞ্চার করেছিলেন মাথুই প্রু মারমা। মেয়েদের রিকার্ভ বো এককে ২৭ বছর বয়সী এই আর্চার ১/১৬ এলিমিনেশন পর্ব থেকে উঠেছিলেন ৮-এর এলিমিনেশন পর্বে। ১/১৬ এলিমিনেশন পর্বে মঙ্গোলিয়ার এঙ্কটুয়া অলটানজেরেলকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়ে দেন তিনি। কিন্তু ১/৮ এলিমিনেশন পর্বে চীনের মিং চেঙের কাছে হেরে গেছেন ২-৬ ব্যবধানে। এই পর্বেও ভালো লড়াই করেছেন মাথুই। প্রথম দুই সেটেই হারার পর তৃতীয় সেটে ফিরে এসেছিলেন দারুণভাবে। কিন্তু ছন্দটা পরে আর ধরে রাখতে পারেননি।
মেয়েদের একক রিকার্ভ বোয়ে বাংলাদেশের অন্য খেলোয়াড় শ্যামলী রায় ইন্দোনেশিয়ার দিয়ান্দা চইরুসিয়ার কাছে ২-৬ ব্যবধানে হেরে বিদায় নিয়েছেন ১৬-এর এলিমিনেশন পর্বেই। আর মেয়েদের দলীয় ইভেন্টের ১/১৬ এলিমিনেশন পর্বে ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশ হেরে গেছে ০-৬ ব্যবধানে।
পুরুষ আর্চারিতে ইমদাদুলের বিদায়ের পর যা একটু আশা ছিল এশিয়ান গ্রাঁ পিতে সোনাজয়ী রোমান সানাকে ঘিরে। কিন্তু ব্যক্তিগত রিকার্ভ বো ইভেন্টে তিনিও কাল বিদায় নিয়েছেন ১/১৬ এলিমিনেশন পর্ব থেকেই। উজবেকিস্তানের ডেনিস গ্যানকিনের কাছে ১-৭ সেট পয়েন্টে হেরে গেছেন রোমান। ব্যর্থতার কারণ হিসেবে বাতাসকে দায়ী করেছেন এই আর্চার, ‘ব্যর্থতার জন্য ৬০ শতাংশ দায়ী এখানকার বাতাস। বাতাসের মধ্যে খেলে অভ্যস্ত নই আমরা। আমরা যেখানে অনুশীলন করেছি, সেখানে এত বাতাস ছিল না।’
রোমানের মতো ১/১৬ পর্ব থেকে বিদায় নিয়েছেন শেখ সজীবও। উত্তর কোরিয়ার পার্ক ইয়ংওনের বিপক্ষে কোনো প্রতিরোধ না গড়েই তিনি হেরেছেন ০-৬ সেট পয়েন্টে। ছেলেদের দলীয় রিকার্ভ বোতে অবশ্য মঙ্গোলিয়ার বিপক্ষে টাইব্রেকারে ৪-৫ সেট পয়েন্টে হারার আগে ভালোই লড়াই করেছে বাংলাদেশ।
প্রথম দুই সেটে ১-১ সমতার পর তৃতীয় সেটটা জিতে যায় মঙ্গোলিয়া। চতুর্থ সেটে জিতে বাংলাদেশ সমতা নিয়ে আসে আবারও। পরে টাইব্রেকারে ২৬-২৯ স্কোরে নিষ্পত্তি হয় খেলার। বাংলাদেশ বাদ পড়ে যায় ১/৮ এলিমিনেশন পর্ব থেকেই।
এদিকে গলফ কোর্সেও দিনটা ভালো যায়নি বাংলাদেশের। দ্বিতীয় রাউন্ড শেষে বাংলাদেশের চার প্রতিযোগী সজীব, নাজিম, ইসমাইল ও সাগরের অবস্থান যথাক্রমে ২৫, ৩৭, ৪৫ ও ৫৪তম। দলীয় বিভাগে বাংলাদেশ আছে ১০ম স্থানে।