আর্চারিতে কোরীয় কোচ
আর্চারি থেকে সর্বশেষ আন্তর্জাতিক সাফল্য এসেছিল চার বছর আগে। ইন্দোনেশিয়ার বালিতে এশিয়ান যুব অলিম্পিক বাছাইয়ে সোনা জিতেছিলেন ইমদাদুল হক মিলন। তার পর থেকেই বাংলাদেশের কোনো আন্তর্জাতিক সাফল্য নেই। বাংলাদেশ আর্চারি ফেডারেশন একজন ভালো কোচ খুঁজছিল অনেক দিন ধরেই। যোগাযোগ করা হয়েছিল বিশ্ব আর্চারি ফেডারেশনের সঙ্গে। আর্চারির আন্তর্জাতিক সংস্থাটি একজন কোচ দিয়ে সাহায্য করছে বাংলাদেশকে—জিওং হো কিম। কোরিয়ান এই কোচ আপাতত এক মাসের জন্য ঢাকায় আসছেন ৩০ জুন।
কাল ফেডারেশন সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন (চপল) বিষয়টি নিশ্চিত করে বললেন, ‘কিম আপাতত চার সপ্তাহের জন্য ঢাকায় আসবেন। আন্তর্জাতিক আর্চারি ফেডারেশন থেকে বিনা পারিশ্রমিকে পাচ্ছি তাঁকে।’ ২৯ সেপ্টেম্বর-৬ অক্টোবর তুরস্কে হবে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপ। এরপর ২৯ অক্টোবর-২ নভেম্বর চীনা তাইপেতে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ ও যুব অলিম্পিক গেমসের বাছাই। বড় মাপের দুটি আন্তর্জাতিক টুর্নামেন্ট সামনে রেখেই এই কোচকে স্থায়ীভাবে রেখে দেওয়ার চেষ্টা করছেন কর্মকর্তারা। মাসিক বেতন, আবাসন ও অন্যান্য খরচ মিলিয়ে হাজার পাঁচেক ডলার খরচ পড়তে পারে তাঁর পেছনে। এ জন্য এখন থেকেই বড় কোনো স্পনসর খুঁজছে ফেডারেশন।