আর্চারিতে নতুন চ্যাম্পিয়ন বিকেএসপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্চারিতে গতবারের আধিপত্যটা ধরে রাখতে পারল না বাংলাদেশ আনসার। উত্তরা ব্যাংক পঞ্চম জাতীয় আর্চারিতে নতুন চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি। ৬টি সোনা, ৩টি রুপা ও ২টি ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। ৫টি সোনা, ৫টি রুপা ও ৩টি ব্রোঞ্জ জিতে রানার্সআপ আনসার। বনানী আর্মি স্টেডিয়ামে কাল রিকার্ভ বোয়ের পুরুষ এককে সোনা জিতেছেন বিকেএসপির শেখ সজীব, রুপা আনসারের রুমান সানা সুজন, ব্রোঞ্জ জিতেছেন বিকেএসপির রামকৃষ্ণ সাহা। রিকার্ভ বোয়ের মহিলা এককের সোনা আনসারের মেয়েদের গলায় উঠেছে, বিকেএসপির হীরা মনিকে ৬-২ সেটে হারিয়ে সোনা জিতেছেন মাথুই প্রু মারমা। কম্পাউন্ড বোয়ে একচ্ছত্র আধিপত্য ছিল আনসারের তিরন্দাজদের। পুরুষ এককের সোনা আনসারের সাজ্জাদ হোসেনের, রুপা মোহাম্মদ হাসানের। মেয়েদের এই ইভেন্টের সোনা জিতেছেন অমি চাকমা, রুপা লতিকা চাকমা। রিকার্ভ বোয়ের পুরুষ দলগত ও মিশ্র দ্বৈতের সোনাও জিতেছে আনসারই। ব্যাম্বো বোয়ের পুরুষ এককের সোনা বিকেএসপির আশিকুজ্জামানের, রুপা আর্মি আর্চারি ক্লাবের রতন মিয়ার। একই ইভেন্টে মহিলা এককের সোনা জিতেছেন বিকেএসপির স্বপ্না ও রুপা একই প্রতিষ্ঠানের ফারজানা আক্তারের। ব্যাম্বো বোয়ের পুরুষ, মহিলা ও মিশ্র দ্বৈত—তিনটি সোনাই গেছে বিকেএসপিতে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় শেখ সজীব ও মাথুই প্রু। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল আব্দুল মুবীন। উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি লে. জেনারেল মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী রাজীবউদ্দিন (চপল), পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান উত্তরা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ আবদুল আজিজ প্রমুখ।