আর্চারিতে বাংলাদেশের ভরাডুবি
দুই বছর আগে এই বিকেএসপিতেই এশিয়ান গ্রাঁ প্রিঁতে রুপা জিতেছিলেন বাংলাদেশের তীরন্দাজ ইমদাদুল হক। এবার সেই ভেন্যুতেই এশিয়ান যুব চ্যাম্পিয়নশিপের রিকার্ভ বোয়ের জুনিয়র ইভেন্টে ভালো করতে পারলেন না। ভারতীয় তীরন্দাজ পরেশকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়ে জিতলেন ব্রোঞ্জ। কাল সারা দিন বলার মতো ফল এই একটাই। গ্রাঁ প্রিঁ ও যুব চ্যাম্পিয়নশিপে ভরাডুবি হয়েছে বাংলাদেশের।পুরুষ বিভাগের জুনিয়রে ফাইনালে লড়বেন দুই ভারতীয় পবন জাইজো ও হেমন্ত বসুমাতারি। মহিলাদের রিকার্ভ জুনিয়রে স্বাগতিকদের সর্বোচ্চ সাফল্য শ্যামলী রায়ের শেষ আটে ওঠা, যেখানে হেরে গেছেন ভারতের মেইনাও নারজারির কাছে। গ্রাঁ প্রিঁতে পুরুষদের রিকার্ভ বোয়ে শেষ ষোলো থেকে ছিটকে পড়েছেন জিয়াউল হক ও দেবদাস রায়। মহিলাদের এই ইভেন্টে ব্রোঞ্জ জেতার সুযোগ হাতছাড়া করেছেন মাথুই প্রু মারমা। ব্রোঞ্জের লড়াইয়ে ৬-৪ সেটে হেরে গেছেন সিঙ্গাপুরের লো জে রংয়ের কাছে। গ্রাঁ প্রিঁর কম্পাউন্ড বোয়ের পুরুষ বিভাগে বাংলাদেশের একমাত্র প্রতিযোগী মামুন খানের দৌড়ও থেমে গেছে কোয়ার্টার ফাইনালেই। শেষ আটে থেমে গেছে আয়েশা পারভিনেরও অভিযান।বাংলাদেশের এই ভরাডুবি কেন? কোচ নিশীথ দাসের কথা, ‘আমাদের আরও বেশি আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলা উচিত। সারা বছর এভাবে একটা মাত্র টুর্নামেন্ট খেলে উন্নতি হবে না।’