আর্জেন্টাইনরা তাঁকে চায় না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তবে কি দেবত্ব খসে পড়ল তাঁর? যাঁকে দেবতা জ্ঞান করে আর্জেন্টিনার মানুষ গড়ে তুলেছে মন্দির, যে উপাসনালয়ে প্রায়ই প্রার্থনা বসে তাঁর নামে; সেই আর্জেন্টিনার মানুষই বলছে—ডিয়েগো ম্যারাডোনাকে তারা কোচ হিসেবে আর চায় না!না, এমন নয় গত বিশ্বকাপ মহানায়কের আসন থেকে তাঁকে আর দশটা রক্তমাংসের মানুষের কাতারে নামিয়ে ফেলেছে। এমন নয়, আর্জেন্টিনার প্রতিটি মানুষই তাঁর বিরুদ্ধে। তবে দেশটির শীর্ষস্থানীয় দৈনিক ক্লারিন-এর একটি জরিপ বলছে, জাতীয় দলের কোচের পদে ম্যারাডোনার ওপর আস্থা রাখতে পারছে না বেশির ভাগ মানুষই। ওই জরিপে প্রায় ১০ হাজার মানুষ অংশ নিয়েছিল। এবং তাতে ৯১.১০ শতাংশই বলেছে, ম্যারাডোনা তাঁর জায়গাতেই থাকুন। কোচ হিসেবে ফেরার দরকার নেই।‘জাতীয় দলের কোচ হয়ে ফিরতে জীবন দিয়ে দেব’—সাম্প্রতিক সাক্ষাৎকারে এমন মন্তব্য করে আবারও আলোচনায় ম্যারাডোনা। কথাবার্তায় প্রায়ই রূপক আর উপমার আশ্রয় নেওয়া ম্যারাডোনা এমনও বলছেন, দরকার হলে তিনি নিজের একটি হাতও কেটে ফেলতে রাজি। তাঁর এই মন্তব্য থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, সহকারীদের বদলে ফেলতেও তাঁর আপত্তি নেই। অর্থাৎ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) শর্ত তিনি মেনে নিচ্ছেন। এদিকে ম্যারাডোনার দুই সহকারীর একজন মানকুসো এরই মধ্যে জানিয়ে দিয়েছেন, ‘ডিয়েগোর সঙ্গে আমার সম্পর্ক শুধু দলে চাকরি করা নিয়ে নয়। আমি নিজে থেকেই সরে যেতে রাজি।’গত বিশ্বকাপের পর ম্যারাডোনা নিজে থেকে সরে যেতে চাইলেও এএফএ সভাপতি হুলিও গ্রন্দোনা তাঁকে থেকে যেতেই অনুরোধ করেছিলেন। কিন্তু এর পর শর্ত দেওয়া হয়, সহকারীদের পাল্টাতে হবে ম্যারাডোনাকে। এই শর্তারোপকে ম্যারাডোনা প্রতারণা আর বিশ্বাসঘাতকতাও বলেছিলেন। যদিও গ্রন্দোনা বরাবরই বলে এসেছেন, ম্যারাডোনার জন্য দরজা খোলাই থাকবে। কিন্তু তাঁকে পূরণ করতে হবে এই শর্ত।এখন ম্যারাডোনা যখন শর্তপূরণের আভাস দিচ্ছেন, তাহলে তো এএফএকে আবারও ফেরাতেই হয় তাঁকে। কিন্তু এরই মধ্যে ঝামেলা পাকিয়েছে নতুন করে। কারণ ম্যারাডোনার বদলে অন্তর্বর্তী কোচের দায়িত্ব নেওয়া তাঁরই সাবেক সতীর্থ সার্জিও বাতিস্তা ভালোই করছেন। আয়ারল্যান্ডে গিয়ে জিতে এসেছেন। নিজ দেশে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকেও বিধ্বস্ত করেছেন ৪-১ গোলে। স্পেন ম্যাচের পর বাতিস্তার জনপ্রিয়তা এখন তুঙ্গে। আগামী বছর আবার আর্জেন্টিনাতেই বসবে কোপা আমেরিকা। অনেকেই বাতিস্তাকে স্থায়ী চুক্তিবদ্ধ করার জন্যও চাপ দিচ্ছে এএফএকে।এরই মধ্যে ম্যারাডোনার এই ঘোষণা। এর আগে অবশ্য এই ফুটবল কিংবদন্তি দেখা করে এসেছেন সাবেক প্রেসিডেন্ট নেস্টর কির্চনারের সঙ্গে। ম্যারাডোনা নিজে ওই বৈঠকের সঙ্গে জাতীয় দলের কোচ হয়ে ফিরতে যাওয়ার মধ্যে কোনো যোগসূত্র নেই বলে দাবি করছেন। যদিও সামনেই আর্জেন্টিনায় সাধারণ নির্বাচন বলে অনেকে দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন। কির্চনারের স্ত্রীই বর্তমান রাষ্ট্রপতি। এই দফায় নির্বাচনী বৈতরণী পার হতে ম্যারাডোনার সাম্পানেই নাকি সওয়ার হতে চাইছেন নেস্টর-দম্পতি। ওয়েবসাইট।