আর্জেন্টিনা আবার ঢাকায়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল বিকেলে কাজী সালাউদ্দিনের মুঠোফোনে হঠাৎই একটি রিং। ও প্রান্ত থেকে থাইল্যান্ড ফুটবল ফেডারেশনের সভাপতি ওরাওয়ি মাকুদি জানতে চাইলেন, ‘কাজী, আর্জেন্টিনা ব্যাংকক আসবে। এখান থেকে ঢাকায় যেতে চায়। তুমি কি নিতে রাজি?’
প্রস্তাবটা শুনে সালাউদ্দিন আগ্রহই দেখিয়েছেন। আর্জেন্টিনা ফুটবল দল ঢাকায় যোগাযোগ করে আসতে চায় নিজেরাই, এটা তো বিশাল ব্যাপার। কিন্তু টাকাই বড় সমস্যা। সালাউদ্দিনের ভাষায়, ‘টাকার ব্যাপারটা সাধ্যের মধ্যে থাকলে কেন আনব না, অবশ্যই আনব।’
আর্জেন্টিনা যদি আসে, তাহলে সেটি হবে ঢাকায় তাদের দ্বিতীয় সফর। ২০১১ সালের ৬ সেপ্টেম্বর এই আর্জেন্টিনাই ঢাকায় নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে বঙ্গবন্ধু স্টেডিয়ামকে তুলে ধরেছে বিশ্ব ফুটবলের মানচিত্রে। সেই সফল সফরের পর আর্জেন্টিনা এখন নিজেরা যোগাযোগ করল বাফুফের সঙ্গে, যেটি বাংলাদেশের জন্য বড় প্রাপ্তিই।
মাকুদি সালাউদ্দিনকে জানিয়েছেন, ব্যাংককে প্রীতি ম্যাচ খেলে ওখান থেকেই ঢাকায় আসার আগ্রহ আর্জেন্টিনার। সালাউদ্দিন মাকুদির কাছে জানতে চেয়েছেন, আর্জেন্টিনা কত টাকার বিনিময়ে ঢাকায় আসবে। টাকার অঙ্ক জানার পরই সিদ্ধান্ত। প্রথমবার তো আর্জেন্টিনাকে ঢাকায় আনতে প্রায় ৪০ কোটি টাকা খরচ হয়েছে বাফুফের। এবার অবশ্য খরচ কম হওয়ার কথা।
আর্জেন্টিনা কবে ব্যাংকক আসবে, তাৎক্ষণিকভাবে মাকুদির কাছ থেকে তা জানতে চাননি সালাউদ্দিন। কারণ, যখনই আসুক, টাকাই যেহেতু বড় বাধা তাই টাকার কথাই আগে জানতে হয়। সালাউদ্দিনের এবারের ইচ্ছা, ‘এবার আর্জেন্টিনাকে আনলে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ দলকে খেলিয়ে দেব।’ শেষ পর্যন্ত এটি সম্ভব হলে বাংলাদেশের ফুটবল ছোঁবে আরেকটি মাইলফলক।
কিছুদিন আগে বার্সেলোনা থেকেও যোগাযোগ করা হয়েছিল বাফুফের সঙ্গে। বার্সেলোনা নাকি যেচেই ঢাকা আসতে আগ্রহ দেখায়। কিন্তু শেষ পর্যন্ত ব্যাপারটা নিয়ে বাফুফে বেশি দূর এগোয়নি বিপুল খরচের কথা ভেবে। সে সময় ঘরোয়া ফুটবল নিয়েও ব্যস্ত ছিল বাফুফে।
কিন্তু আর্জেন্টিনার ব্যাপারটাকে সালাউদ্দিন দেখছেন অন্যভাবে, ‘আর্জেন্টিনার আগের সফরটা ভালোভাবে আয়োজন করতে পারায় ওরা সন্তুষ্ট। মেসির মতো ফুটবলার ঢাকায় খেলে গেছে। আবার যদি মেসি আসে...’।
সালাউদ্দিন যেমন স্বপ্ন দেখাতে পারেন, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ারও ক্ষমতা রাখেন। আবারও কি তাহলে মেসিদের পা পড়বে ঢাকার মাঠে?: