আর্জেন্টিনা-ইংল্যান্ড ‘মহারণ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। প্রস্তুতি নিচ্ছে ইংল্যান্ডও। আগামী বিশ্বকাপে রোমহর্ষক লড়াই-ই হবে দুই পক্ষের...এই পর্যন্ত পড়ে বিশ্বকাপের সূচির দিকে চোখ যেতে পারে আপনার। না, আর্জেন্টিনার গ্রুপে ইংল্যান্ড নেই, ইংল্যান্ডের গ্রুপে আর্জেন্টিনাও নেই। ‘বি’ গ্রুপ থেকে আর্জেন্টিনা আর ‘সি’ গ্রুপ থেকে ইংল্যান্ড গ্রুপ-সেরা হতে পারলে এই দুই দলের ফাইনালের আগে দেখা হওয়ার সম্ভাবনাও নেই। এখনই ‘চিরশত্রু’দের সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়ার প্রশ্ন উঠছে কেন?প্রস্তুতি আসলে দল নিচ্ছে না, নিচ্ছে সমর্থকেরা। প্রতি বিশ্বকাপে আর্জেন্টিনা আর ইংল্যান্ড সমর্থকদের মধ্যে একটা চাপা উত্তেজনা বিরাজ করে। ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধ, সেই যুদ্ধকে ফুটবল মাঠে টেনে এনে ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ম্যারাডোনার সেই অবিশ্বাস্য দুটো গোল...উত্তরাধিকার সূত্রেই সমর্থকদের মধ্যে একটা লড়াই নির্ধারিতই থাকে। আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড!১৯৮৬ বিশ্বকাপে রেষারেষির যে বীজ রোপিত হয়েছিল, ১৯৯৮ আর ২০০২ বিশ্বকাপে দুই দলের পাল্টাপাল্টি শোধ-প্রতিশোধ, ঘাত-প্রতিঘাতে সেই বীজ আজ বিশাল বৃক্ষ। দক্ষিণ আফ্রিকায় দুই দলের সমর্থকদের পথে-ঘাটে কোথাও দেখা হয়ে গেলে যে একটা দাঙ্গা-হাঙ্গামা বাধবে না, এই নিশ্চয়তা কে দেবে আপনাকে!আরও সাবধান হতে হচ্ছে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায়। দক্ষিণ আটলান্টিকের এই দ্বীপপুঞ্জে বিপুল পরিমাণ খনিজ তেল আছে বলে ধারণা। ইংলিশরা সম্প্রতি সেখানে তেল অনুসন্ধান শুরু করে দিলে নড়েচড়ে বসে আর্জেন্টিনা সরকার। ফরমান জারি করা হয়, আর্জেন্টিনার জলসীমা ব্যবহার করে ফকল্যান্ড দ্বীপে কোনো ব্রিটিশ জাহাজ যেতে চাইলে আগে থেকেই দক্ষিণ আমেরিকান দেশটির অনুমতি নিয়ে রাখতে হবে। আর্জেন্টিনায় কদিন আগে ব্রিটিশদের বিরুদ্ধে আরও এক দফা প্রতিবাদ সভাও হয়ে গেছে। ফকল্যান্ড যুদ্ধে নিহত প্রায় সাত শ সৈনিকের স্মৃতি যে আজও ভুলতে পারেনি আর্জেন্টিনা।গোয়েন্দা রিপোর্ট বলছে, দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ইংলিশ সমর্থকদের ‘কঠিন শিক্ষা’ দেওয়ার ব্রত নিয়েছে আর্জেন্টিনার উগ্রপন্থী কিছু ফুটবল সমর্থক। এ নিয়ে একটি শীর্ষ ইংলিশ দৈনিকে একটি সচিত্র প্রতিবেদনও ছাপা হয়েছে। আশার কথা হলো, আর্জেন্টিনা সরকার কিন্তু ফুটবলে কোনো হাঙ্গামা দেখতে চায় না বলেই জানিয়ে দিয়েছে। শুধু তা-ই নয়, ওই দাঙ্গাবাজ সমর্থকদের চিহ্নিত করে কোনো ঝামেলা পাকানোর আগেই পাকড়াও করার জন্য আর্জেন্টিনার একটি বিশেষ পুলিশ বাহিনী দক্ষিণ আফ্রিকায় যাবে বলে জানানো হয়েছে। আর্জেন্টিনা পুলিশের একটি সূত্র ডেইলি মেলকে জানিয়েছে, ‘আমরা বিশ্বকাপের মতো একটা বড় আসরে হাঙ্গামার আশঙ্কা সম্পর্কে সব সময়ই সজাগ। এ বছর আর্জেন্টিনা আর ইংল্যান্ড সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে বলে আমরা ধারণা করছি। ফকল্যান্ড নিয়ে সম্প্রতি আবারও উত্তেজনা তৈরি হয়েছে। তবে আমরা প্রস্তুত আছি।’ ওয়েবসাইট।