
আর্জেন্টিনার সমর্থকেরা কৌতুক করে বলতেই পারেন, লিওনেল মেসি সেই মাপের খেলোয়াড়, যিনি শুধু নিজের দলের নয়, প্রতিপক্ষের খেলোয়াড়কে দিয়েও গোল করাতে পারেন!
সত্যিই তো। আর্জেন্টিনার প্রথম গোলটা মেসির দুর্দান্ত এক ফ্রি কিক থেকেই এল, তবে সেটা আর্জেন্টিনার কোনো খেলোয়াড়ের পা থেকে নয়, বসনিয়ার সিয়াদ কোলাসিনাচ নিজেদের জালেই বল ঠেললেন! নাম লিখিয়ে ফেললেন ইতিহাসে। বিশ্বকাপের ইতিহাসের দ্রুততম আত্মঘাতী গোল!
দ্বিতীয় গোলটিতে আর উত্স হয়ে থাকতে হলো না। ৮ বছর অপেক্ষার পর বিশ্বকাপে নিজের দ্বিতীয় গোল পেলেন মেসি। ‘আইকনিক গোল’। একাই বেশ কজন ডিফেন্ডারকে কাটিয়ে। দুটো গোলেরই উত্স ছিলেন, দলও জিতেছে। তার পরও ম্যাচ শেষের বাঁশি বাজার পর মেসির চোখেমুখে তৃপ্তির সামান্য রেশটুকু পাওয়া গেল না।
দলের সেরা খেলোয়াড় বলেই নয়, অধিনায়ক হিসেবেও মেসি জানেন, এই জয়ে স্বস্তি পাওয়া যেতে পারে, তৃপ্তি নয়। এমন খেললে আবারও বড় জোর কোয়ার্টার ফাইনালে গিয়ে গোত্তা খাবে মেসিদের আশার ঘুড়ি।
ম্যাচের শুরুতে, দর্শকেরা ঠিকমতো নড়েচড়ে বসার আগেই এগিয়ে গেলেও প্রথমার্ধে আর্জেন্টিনা ছিল ছন্নছাড়া। ভোররাতে ঘুমঘুম চোখে খেলা দেখতে বসে হয়তো অনেকেই ধন্দে পড়ে গেছেন, আর্জেন্টিনা কোনটা আর কোনটা বসনিয়া। বসনিয়ার জার্সির রং যে আবার আর্জেন্টিনার অ্যাওয়ে জার্সির মতোই।
জার্সির রং বলে শুধু নয়, বসনিয়া প্রথমার্ধে ‘বস’ হয়েই ছিল। আর্জেন্টিনার চেয়ে নিখুঁত পাস আর আক্রমণ গড়ে তুলেছে বসনিয়াই। পরিসংখ্যানেও দেখুন, ম্যাচে আর্জেন্টিনা মোট ১১টি শট নিয়েছে, এর ৫টি ছিল গোলমুখে। আর্জেন্টিনার চেয়ে দ্বিগুণেরও বেশি শট (১১) গোলমুখে নিয়েছে বসনিয়া! বল দখলেও আর্জেন্টিনার সঙ্গে প্রায় সমানে-সমানে (৫৫-৪৫ শতাংশ) টক্কর দিয়েছে বলকান দেশটি। ম্যান সিটি তারকা এডিন জেকো এদিন নিজের ছায়া হয়ে না থাকলে আর সার্জিও রোমেরো নিজের দুর্নাম ঘোচানো দুর্দান্ত গোটা দুই সেভ না করলে, কে জানে, ম্যাচের ফলাফল হয়তো অন্য রকমই হতো।
আর্জেন্টিনার মূল সমস্যাগুলো কী কী? প্রথম সমস্যা ছিল আলেসান্দ্রো সাবেলার রণকৌশল। মাত্র কদিন আগে হল্যান্ডের কাছে স্পেনের নিগৃহীত হওয়া দেখেই কিনা একই ধরনের ফুটবলে বিশ্বাসী সাবেলা এদিন রক্ষণে নামালেন ৫ ডিফেন্ডার! খেলালেন ৫-৩-২ ফরম্যাটে। যে ফরম্যাটে খেলতে মেসিরা একেবারেই অভ্যস্ত নন।
আর্জেন্টিনার দ্বিতীয় এবং প্রধান সমস্যা ছিল মাঝমাঠ। বুড়ো ম্যাক্সি রদ্রিগেজ অচল মুদ্রা হয়ে গেছেন অনেক আগেই। কাল সেটা আরেকবার প্রমাণ করলেন এই ৩২ বছর বয়সী। অ্যাঙ্গেল ডি মারিয়া রিয়ালের হয়ে এই মৌসুমে প্রাণপাত করে খেললেও কাল সেই খেলাটা ছিল না তাঁর পায়ে।
সমস্যা হলো, ডি মারিয়া উইং ঘেঁষে খেলেন। আর আর্জেন্টিনা উইং থেকে প্রতিপক্ষের ডি-বক্সে ক্রস করে বল ফেলার চেয়ে মাঠের মাঝখান দিয়ে ছোট ছোট পাসে খেলাটা বানিয়ে প্রতিপক্ষের রক্ষণে ঢুকতে পছন্দ করে।

অথচ আর্জেন্টিনার মূল যে সমস্যা রক্ষণ ও গোলরক্ষক, কাল ২০০২ বিশ্বকাপের পর প্রথম গ্রুপ পর্বে ম্যাচ হারার লজ্জা থেকে বাঁচিয়ে দিয়েছে তারাই। রোমেরের বল গ্রিপ করার সমস্যা এখনো আছে, কিন্তু রিফ্লেক্সে দুর্দান্ত ছিলেন। সব মিলে ম্যাচে সেভ করেছেন ৫টি। পুরো ম্যাচে একটাই ভুল, সেটা থেকেই ‘নাটমেগড’ হয়ে হজম করেছেন গোল। রক্ষণে ফেদেরিকো ফার্নান্দেজ তো ছিলেন মুগ্ধতা জাগানিয়া।
বিস্ময়ের ব্যাপার হলো, বিশ্বকাপ শুরুর আগে ব্রাজিলের রক্ষণ, স্পেনের মাঝমাঠ আর আর্জেন্টিনার আক্রমণ নিয়ে অনেক গালগল্প হয়েছে। নিজেদের প্রথম তিন ম্যাচে এই তিনটি জায়গাতেই দলগুলো চরমভাবে ব্যর্থ।
তবে মাঝমাঠ ঠিকমতো কাজ না করলে আর্জেন্টিনার আক্রমণভাগের করার কিছুই নেই। বাস্তবতা হলো, ডিফেন্সিভ মিডফিল্ড থেকে হাভিয়ের মাচেরানোকে কয়েকটা লম্বা থ্রু বল পাঠাতে হয়েছে আক্রমণভাগে। অ্যাটাকিং মিডফিল্ডে যে কার্যত কেউই ছিল না আর্জেন্টিনার!
প্রথমার্ধে তাই প্রতিপক্ষের গোলমুখে একটা আত্মঘাতী গোল ছাড়া বলার মতো আর কোনো হুমকি তৈরি করতে পারেনি আর্জেন্টিনা। শটই নিয়েছিল মাত্র দুটি। দ্বিতীয়ার্ধে, বিশেষ করে শেষ ৩৫ মিনিটে আর্জেন্টিনার খেলায় ছন্দ ফিরে আসে। সাবেলা রক্ষণের খোলস থেকে বেরিয়ে এসেছিলেন বলেই। ৪-৩-৩ ফরম্যাটে ফিরে যান। শুরুতেই নামিয়ে দেন ফার্নান্দো গাগো আর গঞ্জালো হিগুয়েইনকে। ডি মারিয়াও অনেকটা ভেতরে ঢুকে খেলতে শুরু করেন। মেসি আক্রমণ আর মাঝমাঠের সেতুবন্ধ হয়ে ওঠেন। মেসির গোলটিও কিন্তু এসেছে এমনই একটা দারুণ সমঝোতায় তৈরি আক্রমণ থেকে। আগুয়েরো সহজ দুটো সুযোগ নষ্ট করেছেন। হিগুয়েইন গোলরক্ষককে একা পেয়েও হেডে বল ঠেলেছেন পোস্টের ওপর দিয়ে।
আর্জেন্টিনাকে ৪-৩-৩ ফরম্যাটেই খেলতে হবে। রদ্রিগেজের অভিজ্ঞতার মোহ থেকে সাবেলাকে বেরিয়ে এসে এনজো পেরেজ বা প্রস্তুতি ম্যাচে গোল করা রিকার্ডো আলভারেজকে সুযোগ দিতে হবে। মূলশক্তি আক্রমণভাগ হলেও মাঝমাঠ অকার্যকর হলে কী হয়, সেই শিক্ষা আর্জেন্টিনার গত বিশ্বকাপে জার্মানির বিপক্ষেই হয়ে যাওয়ার কথা।
প্রথম ম্যাচ একেবারেই মন ভরায়নি। তবে মেসির গোল পাওয়া ছাড়াও সমর্থকেরা আশাবাদী হতে পারেন দুটো ব্যাপারে। বিশ্বকাপে ধীরে ধীরে নিজেদের সেরার চূড়ায় ওঠাটাই ভালো। দ্বিতীয়ত, সাবেলা যা পরীক্ষা-নিরীক্ষা করার প্রথম রাউন্ডেই করে ফেলছেন; পেকারম্যান-ম্যারাডোনার মতো নকআউট পর্বে গবেষণা করার নির্বুদ্ধিতা নিশ্চয়ই তিনি করতে চান না!