জিতেই বিশ্বকাপ শুরু করল ডিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনা। ডিফেণ্ডার গ্যাব্রিয়েল হেইঞ্জের চমত্কার একটি গোলে নাইজেরিয়াকে ১-০ গোলে হারিয়েছে তারা। তবে আর্জেন্টিনা যে পরিমাণ গোলের সুযোগ তৈরী করেছে,তার দুই/একটিও যদি তারা কাজে লাগাতে পারতো তাহলে গোলের ব্যবধান একাধিক হতো। অন্যপক্ষে নাইজেরিয়াও একেবারে খারাপ খেলেনি। তাদের স্ট্রাইকারদের নির্বুদ্ধিতায় কয়েকবারই ভালো সুযোগ নষ্ট করার খেসারত তারা দিয়েছে বেশ ভালোভাবেই। নাইজেরিয়া কয়েকবারই আর্জেন্টিনার শিবিরে আতঙ্ক সৃষ্টি করতে পেরেছে-এটাই হতে পারে আজকের ম্যাচ থেকে ‘সুপার ঈগল’দের প্রধান প্রাপ্তি।খেলার চার মিনিটের মাথাতেই এগিয়ে যেতে পারতো আর্জেন্টিনা। লিওনেল মেসি তীব্র গতিতে একটি বল নিয়ে বাঁ প্রান্ত দিয়ে ঢুকে বক্সের ভেতর হিগুইয়েনের উদ্দেশ্যে বল বাড়ান। কিন্তু হিগুইয়েনের শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। খেলার ছয় মিনিটের সময় গোল করে এগিয়ে যায় আর্জেন্টিনা। হুয়ান সেবাস্তিয়ান ভেরনের একটি চমত্কার কর্নার থেকে উড়ন্ত হেডে দেখার মতো এক গোল করেন গ্যাব্রিয়েল হেইঞ্জ। এসময় নাইজেরিয়াও কয়েকটি গোলের সুযোগ নষ্ট করে। গোল হজম করার আগেই আর্জেন্টাইন রাইট ব্যাক হোনাস গুতিয়েরেজকে ফাঁকি দিয়ে বক্সে ঢুকে পড়েছিলেন চিনেডু ওবাসি। ওবাসির শট দ্বিতীয়বারের অনেক বাইরে দিয়ে চলে যায়। খেলার ৩৭ মিনিটের সময় লিওনেল মেসি একটি শর্ট ফ্রি-কিক থেকে প্রায় একক প্রচেষ্টায় বল নিয়ে নাইজেরিয়ার ডি-বক্সে ঢুকে দ্বিতীয়বার লক্ষ্য করে শট নিলে গোলরক্ষক এনাইয়ামা হাত লাগিয়ে কর্নারের বিনিময়ে নাইজেরিয়াকে রক্ষা করেন।প্রথমার্ধের প্রায় শেষ মুহুর্তে আবার লিওনেল মেসি বল নিয়ে দ্রুত গতিতে নাইজেরিয়ার সীমানায় ঢুকে পড়ছিলেন। এসময় তাঁকে বিপজ্জনকভাবে ফেলে দেন নাইজেরিয়ার একজন ডিফেণ্ডার। রেফারি ফ্রি-কিকের বাঁশি বাজান। সেই ফ্রি-কিক নিতে আসেন অভিজ্ঞ ভেরন। কিন্তু ভেরনের ফ্রি-কিক পোস্ট উঁচিয়ে বাইরে চলে যায়। প্রথমার্ধে আর্জেন্টিনা পুরো সময় বারবার নিজেদের মধ্যে ছোট ছোট পাস খেলে খেলার গতি কমিয়ে দিতে থাকে। আর্জেন্টাইনদের এই কৌশল দারুণ কাজে এসেছে-একথাই বলা যায়। নাইজেরিয়া এই কৌশলের কারণেই কিনা কখনই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিতে পারেনি।৪৭ মিনিটের সময় নাইজেরিয়ার তাই তাইয়োর কর্নার থেকে আর্জেন্টিনার বক্সে কেউ না থাকায় নিশ্চিত গোলের সুযোগ নষ্ট হয়।ম্যাচের শেষ দিকে একক প্রচেষ্টায় বল নিয়ে আর্জেন্টাইন বক্সের মাথা থেকে তীব্র শট নেন ইয়াকুবু। বলটি অল্পের জন্য পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়।আর্জেন্টিনার পক্ষে আজকের ম্যাচে সেরা খেলোয়াড় ছিলেন সেই লিওনেল মেসি। একক প্রচেষ্টায় বারবার নাইজেরিয়ার বক্সে ঢুকে তিনি তৈরী করেছেন অজস্র সুযোগ। তবে ব্যর্থ বলা যেতে পারে কার্লোস তেভেজকে। তিনি আজকে একেবারেই নামের প্রতি সুবিচার করতে পারেননি। সবমিলিয়ে কোচ হিসেবে প্রথম পরীক্ষায় উতরেই গেছেন ডিয়েগো ম্যারাডোনা। প্রথম ম্যাচেই লিওনেল মেসির খেলায় উচ্ছসিত হতেই পারেন তিনি।