আর্জেন্টিনা জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহু অপেক্ষার অবসান ঘটিয়ে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে শেষ হলো মেসির আর্জেন্টিনা ও ভেনেজুয়েলার মধ্যকার প্রীতি ম্যাচটি। আরও এক ম্যাচ আর্জেন্টিনার জার্সি গায়ে গোলশূণ্যভাবেই কাটালেন লিওনেল মেসি। তবে মেসি গোল না পেলেও ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে দুইবারের বিশ্বকাপজয়ীরা। দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে কর্ণার থেকে হেড করে ম্যাচের একমাত্র গোলটি করেছেন নিকোলাস ওটামেন্ডি। ফুটবলভক্ত কলকাতাবাসীকে কিছু জাদুকরি ঝলকও দেখিয়েছেন ফিফার বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি।শুরু থেকেই খেলায় আধিপত্য বিস্তার করেছে আর্জেন্টিনা। ১৮ মিনিটের মাথায় গোলের একটা দুর্দান্ত সুযোগও তৈরি করেছিলেন মেসি। দুজন ভেনেজুয়েলার ডিফেন্ডারকে কাটিয়ে চমত্কারভাবে বল বাড়িয়েছিলেন ডি মারিয়ার দিকে। কিন্তু বলটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পাঠাতে পারেননি ডি মারিয়া। ২৯ মিনিটে আরও একবার গোলের সুযোগ পেয়েছিলেন মেসি নিজেই। দুজন ডিফেন্ডারকে পেছনে ফেলে শট নিয়েছিলেন গোলপোস্টে। কিন্তু তাঁর দুর্বল শটটি রুখে দেন ভেনেজুয়েলার গোলরক্ষক। আরও বেশ কয়েকবার কিছু সুযোগ সৃষ্টি করলেও সেগুলো থেকে গোল পাননি মেসি-হিগুয়েইন-ডি মারিয়ারা। অন্যদিকে ভেনেজুয়েলাও পাল্টা আক্রমণ থেকে গোল করার কয়েকটি মোক্ষম সুযোগ পেয়েছিল। ৩৪ মিনিটে একেবারে ফাঁকায় বল পেয়েও বল জালে জড়াতে পারেননি ভেনেজুয়েলার মিডফিল্ডার ফ্রাঙ্ক ফ্লেশার।দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যেতে পারত ভেনেজুয়েলা। কিন্তু ৪৭ মিনিটে ভেনেজুয়েলার স্ট্রাইকার সালোমন র্যানডনের শট খুব চমত্কার দক্ষতায় রুখে দেন আর্জেন্টাইন গোলরক্ষক সার্জিও রোমেরো। ৬৬ মিনিটে গোলপোস্টে চমত্কার একটি শট নিয়েছিলেন মেসি। কিন্তু কর্নারের বিনিময়ে সেই শটটি সামাল দেন ভেনেজুয়েলার গোলরক্ষক। তবে সেই কর্নার থেকেই হেড করে ম্যাচের জয়সূচক গোলটি করেন নিকোলাস ওটামেন্ডি।