আর্জেন্টিনা টাইব্রেকারের জন্য খেলেছে: স্নাইডার

‘এটা অবিচার। হল্যান্ডের এভাবে বিশ্বকাপ সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া একটা বিরাট অবিচার’—’ এই হাহাকার ওয়েসলি স্নাইডারের। ডাচ ‘দশ নম্বর’ তারকা কিছুতেই মেনে নিতে পারছেন না। পুরো বিশ্বকাপ এত ভালো ফুটবল খেলার পরও টাইব্রেকার ‘লটারি’র খড়গে কেন বিদায় নিতে হবে? একই সঙ্গে তাঁর অভিযোগের তির আর্জেন্টিনার দিকেও, ‘আর্জেন্টিনা ম্যাচটা টাইব্রেকারেই জিততে চেয়েছে।’
দলের সেরা খেলোয়াড়েরাই টাইব্রেকারে ব্যর্থ হন বেশি—প্রচলিত এই ধারণাকে সত্যি প্রমাণ করতেই যেন স্নাইডার মিস করে বসলেন পেনাল্টি। সেই দুঃখই আক্ষেপ হয়ে ঝরেছে ম্যাচ শেষে, ‘এই বিশ্বকাপের অন্যতম দাবিদার ছিলাম আমরা। কিন্তু টাইব্রেকারের ভাগ্য-পরীক্ষা কোনো দলকে বিদায় করে দেওয়ার সঠিক পন্থা হতে পারে না। এটা এক বিরাট অবিচারের পন্থা।’
নিজের পেনাল্টি মিস নিয়ে কোনো অজুহাত নেই স্নাইডারের, ‘পেনাল্টি মিস করাটা বিরাট লজ্জার বিষয়। এ নিয়ে কোনো অজুহাত দেখাতে চাই না। তবে পেনাল্টি নয়, আমি বেশি হতাশ ১২০ মিনিটে অনেক সুযোগ তৈরি করেও আমরা গোল করতে পারিনি।’
আর্জেন্টিনা খেলাটা টাইব্রেকারে নিতেই খেলেছে বলে অভিযোগ করেছেন স্নাইডার, ‘ওদের খেলা থেকেই বোঝা গিয়েছিল যে তারা টাইব্রেকারের জন্য খেলছে। আমরা খেলাটা নির্ধারিত সময়েই জিততে চেয়েছিলাম।’ রয়টার্স।