আর্জেন্টিনা দলে এক ‘জলদস্যু’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৭ সেপ্টেম্বর প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ আর্জেন্টিনার। এর চার দিন পরই আর্জেন্টিনা লিমায় যাবে পেরুর বিপক্ষে ম্যাচ খেলতে। বিশ্বকাপ বাছাইপর্বের এই দুটি ম্যাচের জন্য গতকাল দল ঘোষণা করেছেন কোচ আলেসান্দ্রো সাবেলা। সাবেলার দলে বিস্ময়করভাবে ডাক পেয়েছেন ‘জলদস্যু’ হার্নান বার্কোস।২৮ বছর বয়সী স্ট্রাইকার দেশের বাইরেই নাম কিনেছেন বেশি। বিশেষ করে, ইকুয়েডরের ক্লাব এলডিইউ কিটোতে খেলার সময়। এলডিইউ সমর্থকেরা ভালোবেসে তাঁকে ডাকত ‘এল পাইরেট’ বলে। ঝাঁকড়া চুল আর ফ্রেঞ্চকাট দাড়ির কারণে অনেকটা জলদস্যুদের মতো দেখা যায় বলেই এই নাম। বর্তমানে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসে খেলা স্ট্রাইকার প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়ে ভীষণ খুশি।শেষ পর্যন্ত মাঠে নামতে পারবেন কি না বলা মুশকিল। তবে মেসি-হিগুয়েইন-মাচেরানোদের মতো খেলোয়াড়দের সঙ্গে অনুশীলন করতে পারবেন, এটা ভেবেই রোমাঞ্চিত বার্কোস, ‘জাতীয় দলের জন্য আমি আমার জীবনটাই দিয়ে দিতে পারি। প্রত্যেকেই খেলতে চায়। তবে ডাক পাওয়া এবং গ্রেট খেলোয়াড়দের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করতে পারাটাই অনেক বড় ব্যাপার। এটা সৌভাগ্যের যে, তাদের সঙ্গে অনুশীলন করতে পারব এবং শিখতে পারব।’ গত রোববার ম্যানচেস্টার সিটির প্রথম ম্যাচে চোট পাওয়া এবং এক ম্যাচের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সার্জিও আগুয়েরোকে দলে রেখেছেন সাবেলা। চোট থেকে সেরে উঠলেও প্যারাগুয়ের ম্যাচটি খেলতে পারবেন না ম্যারাডোনা-জামাতা। মেসি-হিগুয়েইনের সঙ্গে আক্রমণভাগে আরও আছেন রদ্রিগো প্যালাসিও। এক ম্যাচের নিষেধাজ্ঞা আছে হাভিয়ের মাচেরানোর ওপর।২০১৪ বিশ্বকাপের স্বাগতিক বলে ব্রাজিলকে বিশ্বকাপ বাছাইযুদ্ধে নামতে হচ্ছে না। তাই তারা যত পারে খেলছে প্রীতি ম্যাচ। ৭ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকা ও ১০ সেপ্টেম্বর চীনের বিপক্ষে প্রীতি ম্যাচ দুটির জন্য ব্রাজিল দলে নেই আলেজান্দ্রে পাতো ও পাওলো হেনরিক গানসো। মানো মেনেজেসের ২২ সদস্যের দলে পাতোর জায়গা হয়নি চোটের কারণে। আর গানসোকে বিবেচনা করা হয়নি তাঁর ক্লাব-ভবিষ্যৎ নিশ্চিত না হওয়ায়। রয়টার্স, এএফপি।