আর্জেন্টিনা দলে দুই অচেনা মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাকুন্দো রনকাগলিয়া এবং লুকাস ওরবান প্রথমবারের মতো ডাক পেলেন আর্জেন্টিনা জাতীয় দলে
ফাকুন্দো রনকাগলিয়া এবং লুকাস ওরবান প্রথমবারের মতো ডাক পেলেন আর্জেন্টিনা জাতীয় দলে

রক্ষণটা যেন আর্জেন্টিনার বেহুলার বাসরঘর। ফাঁকফোকর দিয়ে ঠিকই ঢুকে পড়ে ঘাতক সাপ। এই রক্ষণ নিয়ে আলেজান্দ্রো সাবেলার দুশ্চিন্তারও অন্ত নেই। বাছাই পর্বের লড়াই শেষে বিশ্বকাপের আগ পর্যন্ত আর্জেন্টিনার হাতে যতটুকু সময় আছে, রক্ষণ নিয়ে নিশ্চয়ই বিশেষভাবে কাজ করবেন জাতীয় দলের কোচ। তারই ইঙ্গিত সাবেলা দিচ্ছেন দলে নতুন দুই ডিফেন্ডারকে নিয়ে।
এ মাসে যুক্তরাষ্ট্রে ইকুয়েডর ও বসনিয়ার বিপক্ষে দুটো প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেই ম্যাচ দুটোর জন্য ফিওরেন্টিনার ডিফেন্ডার ফাকুন্দো রনকাগলিয়া এবং বর্দোর ডিফেন্ডার লুকাস ওরবানকে দলে ডেকেছেন সাবেলা। দুই বছর পর সাবেলা দলে ডেকেছেন ম্যারাডোনার ২০১০ বিশ্বকাপ দলে থাকা পোর্তোর সেন্টার ব্যাক নিকোলাস ওটামেন্ডিকেও।
গত জুনের পর আক্রমণভাগে আবার জুটি বাঁধবেন গঞ্জালো হিগুয়েইন ও লিওনেল মেসি। এই দুজনই আর্জেন্টিনার জার্সি গায়ে সর্বশেষ কয়েকটি ম্যাচে খেলননি। ১৫ নভেম্বর নিউইয়র্কে ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। চার দিন পর তাদের প্রতিপক্ষ বসনিয়া।

আর্জেন্টিনা দল:
গোলরক্ষক: সার্জিও রেমেরো, মারিয়ানো আন্দুজার

ডিফেন্ডার: ফাকুন্দো রনকাগলিয়া, পাবলো জাবালেতা, ফেদেরিকো ফার্নান্দেজ, এজেকুয়েল গ্যারে, মার্কোস রোজো, হুগো কাম্পাগনারো, হোসে বাসানতা, নিকোলাস ওটামেন্ডি, লুকাস ওরবান

মিডফিল্ডার: হাভিয়ের মাসচেরানো, লুকাস বিগলিয়া, এভার বানেগা, রিকার্ডো আলভারেজ, অ্যাঙ্গেল ডি মারিয়া, এরিক লামেলা

ফরোয়ার্ড: লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়েইন, সার্জিও আগুয়েরো, রদ্রিগো প্যালাসিও, এজেকুয়েল লাভেজ্জি।