আর্জেন্টিনা দলে দুই নতুন মুখ
এই বয়সে অবসরের ভাবনাই পেয়ে বসার কথা। কিন্তু নাপোলির ৩১ বছর বয়সী আর্জেন্টাইন ডিফেন্ডার হুগো ক্যাম্পানারো পেয়ে গেলেন নতুন করে শুরু করার প্রেরণা। প্রথমবারের মতো আর্জেন্টিনার জাতীয় দলে ডাক পাওয়ায় সুযোগ পেয়ে গেলেন দেশের আকাশি-সাদা জার্সিটা গায়ে চাপানোর আজন্ম স্বপ্ন পূরণের।ক্যাম্পানারো যে সুসংবাদ পেলেন ৩১ বছর বয়সে, এরিক লামেলা সেটা পেলেন ১৯ বছর বয়সেই। এএস রোমার এই তরুণ মিডফিল্ডারও প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাতীয় দলে। গত বছরের মাঝামাঝি আর্জেন্টিনায় অবনমিত রিভার প্লেট থেকে রোমায় যোগ দেন লামেলা। ইতালিয়ান ক্লাবটিতে আছেন দুর্দান্ত ফর্মে। তাঁর সামনে জাতীয় দলের দরজা খুলে দিয়ে ওটারই পুরস্কার দিলেন আর্জেন্টিনার কোচ আলেসান্দ্রো সাবেলা।২৯ ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের সঙ্গে প্রীতি ম্যাচ আর্জেন্টিনার। বার্নের এই প্রীতি ম্যাচের জন্য পরশু অবশ্য পুরো দল দেননি সাবেলা। ইউরোপিয়ান লিগভিত্তিক খেলোয়াড়দের নিয়ে আপাতত ঘোষণা করেছেন ১৮ জনের দল। আর্জেন্টিনার ঘরোয়া লিগে খেলা খেলোয়াড়দের সমন্বয়ে পূর্ণাঙ্গ দল দেওয়া হবে পরে। দলে নতুন মুখ ক্যাম্পানারো ও লামেলা। পুরোনো মুখ ম্যাক্সি রদ্রিগেজ শুরু করতে পারছেন নতুন উদ্দীপনায়। ২০১০ বিশ্বকাপের পর এই প্রথম তাঁর জাতীয় দলে ডাক পাওয়া। চোট কাটিয়ে ফিরেছেন রিয়াল মাদ্রিদের উইঙ্গার অ্যাঙ্গেল ডি মারিয়াও। তবে রোমার নিকোলাস বুরদিসো ও প্যারিস সেন্ট জার্মেইয়ের হাভিয়ের পাস্তোরে দলে নেই চোটের কারণে। রয়টার্স।