আর্জেন্টিনা শিবিরে শোকের ছায়া

বুকের ওপর যেন শঙ্কার পাথর চেপে ছিল ১১৮টা মিনিট। এই বুঝি পেনাল্টিতে গড়ায় ম্যাচ, ভাগ্যের হাতে সঁপে দিতে হয় বিশ্বকাপ-স্বপ্ন। অবশেষে স্বস্তির গোল, মেসির দুর্দান্ত পাস নিখুঁত শটে জালে জড়ালেন ডি মারিয়া। এমন রুদ্ধশ্বাস জয়ের পর হতেই পারে জমজমাট এক উদযাপন। তবুও শ্যাম্পেনের একটি বোতলও খোলা হয়নি আর্জেন্টিনা শিবিরে। বিজয়ের উল্লাসের বদলে হাহাকারে ভারী হয়ে উঠল আর্জেন্টাইন সাজঘর। স্বদেশি এক সাংবাদিকের হঠাত্ মৃত্যুতেই আর্জেন্টিনা দলে নেমে এসেছে শোকের ছায়া।
ঘটনাটি আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের পরপরই। ম্যাচের ভেন্যু সাও পাওলো থেকে বেলো হরিজন্তের উদ্দেশে যাত্রা করে আর্জেন্টাইন সাংবাদিকদের একটি গাড়ি। কিন্তু সেই গাড়ি আর গন্তব্যে পৌঁছেনি, পথেই মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনাস্থলেই মারা যান সাংবাদিক মারিয়া সোলেদাদ ফার্নান্দেজ। তিনি আর্জেন্টিনার একজন গুরুত্বপূর্ণ সাংবাদিকের মেয়েও। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
আর্জেন্টিনা দল বোধ হয় প্রস্তুত হচ্ছিল উত্সবমুখর এক রাতের জন্য। ঠিক তখনই আর্জেন্টিনা শিবিরে পৌঁছে এই দুর্ঘটনার খবর। নেমে আসে শোক। স্বদেশি এই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুর শোকে একাত্মতা প্রকাশ করে বুধবারের সংবাদ সম্মেলনও বাতিল করে আর্জেন্টিনা দল।
আর্জেন্টিনা ফুটবল সংস্থার মহাসচিব হুয়ান কার্লোস ক্রেপসি সাংবাদিকদের জানিয়েছেন দলের ওপর কতটা প্রভাব ফেলেছে এই দুর্ঘটনা, ‘নিজেদের সাংবাদিকের এমন মৃত্যুতে দলের খেলোয়াড়েরা অত্যন্ত ব্যথিত। দলের খেলোয়াড়দের বয়স খুব বেশি নয়, খেলোয়াড়দের সঙ্গে থাকা তাদের স্ত্রী ও সন্তানদের বয়স তো আরও কম। এই দুর্ঘটনা তাদের সবার মনেই বড়সড় প্রভাব ফেলেছে।"
দুদিন বাদেই আর্জেন্টিনা দল মুখোমুখি হচ্ছে বেলজিয়ামের। শোককে শক্তি বানিয়ে নিশ্চয়ই মাঠে নামবেন মেসিরা। সূত্র: এএফপি।