গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার স্মৃতি তাড়িয়ে বেড়াত আর্জেন্টিনাকে। দুই বছর বুকের মধ্যে বয়ে বেড়ানো কষ্টে কিছুটা প্রলেপ পড়ল কাল। ফ্রাঙ্কফুর্টে জার্মানিকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের দুঃখ ভোলার একটা সুযোগ করে নিয়েছে আর্জেন্টিনা।ম্যাচটিতে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস ছিল। কিন্তু জার্মান গোলরক্ষক রন-রবার্ট-জিয়েলারের লালকার্ড ওলটপালট করে দেয় সবকিছু। ম্যাচের ৩০ মিনিটের মাথায় ডি-বক্সের মধ্যে হ্যানোভারের এই কিপার ফেলে দেন হোসে সোসাকে। রেফারি জিয়েলারকে দিয়ে দেন মার্চিং অর্ডার; সেই সঙ্গে পেনাল্টি। ওই পেনাল্টি থেকেও গোল করতে ব্যর্থ হন সুপারস্টার লিওনেল মেসি। তাঁর শট প্রতিহত করেন বদলি গোলরক্ষক মার্ক আন্দ্রে টার স্টেগেন। মূলত জিয়েলারের লালকার্ডই এলোমেলো করে দেয় জার্মান রণকৌশল। অপ্রস্তুত হয়েই কিনা নিজেদের জালে নিজেই বল জড়িয়ে দেন জার্মান ডিফেন্ডার স্যামি খেদিরা। ৪৫ মিনিটের এই আত্মঘাতী গোল জোয়াকিম লোর শিষ্যদের করে দেয় হতবিহ্বল। সেই হতবিহ্বলতার সুযোগ দ্বিতীয়ার্ধে পরিপূর্ণভাবে কাজে লাগায় আর্জেন্টিনা। মেসি-হিগুয়েইন-ডি মারিয়ার দুর্দান্ত বোঝাপড়া ছত্রখান করে দেয় জার্মান রক্ষণব্যূহ। খেলার ৫২ মিনিটের সময় পেনাল্টি মিস করার ব্যর্থতা ঝেড়ে ফেলেন লিওনেল মেসি দারুণ এক গোল করে। খেলার ৭৩ মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে তীব্র শটে আর্জেন্টিনার বিজয় নিশ্চিত করেন অ্যাঙ্গেল ডি মারিয়া। ৮১ মিনিটে জার্মানিকে সান্ত্বনার একটি গোল উপহার দেন বেনেডিক্ট হাওয়েডস।ম্যাচের শুরুটা কিন্তু জার্মানদের জন্য অনুপ্রেরণারই ছিল। খেলার দ্বিতীয় মিনিটেই মার্কো রিওস তৈরি করেছিলেন গোলের সুযোগ। আর্জেন্টাইন রকক্ষণভাগের ভুলে খেলার শুরুতেই এগিয়ে যেতে পারত জার্মানি। তবে সে যাত্রায় রক্ষা পায় আর্জেন্টাইনরা।১২ মিনিটের সময় মিরোস্লাভ কোসা বাঁদিক দিয়ে আর্জেন্টাইন সীমানায় ঢুকে ম্যানেশ্যফটের দিকে বল বাড়ান। কিন্তু আর্জেন্টিনার গোলরক্ষক সার্জিও রোমেরো ম্যানেশ্যফটকে কোনো সুযোগ দেননি। এর পরই মেসুত ওজিলের একটি প্রচেষ্টা ব্যর্থ করে দেন সার্জিও রোমেরো।খেলার ৩০ মিনিটের সময় গোলরক্ষক রন-রবার্ট-জিয়েলারের লালকার্ডই একেবারে পাল্টে দেয় ম্যাচের পরিস্থিতি। গোলরক্ষক নামাতে গিয়ে জার্মান দলকে বলি দিতে হয় টমাস মুলারকে। মুলারের মাঠ ত্যাগ জোয়াকিম লোর রণকৌশলকে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করে। জার্মানির ওপর নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ে আর্জেন্টিনা। সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করে চমত্কার এক জয় নিয়ে মাঠ ছাড়ে লাতিন বাহিনী। রযটার্স।